যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে চলমান গণজাগরণ নিয়ে এবার একটি ইতিবাচক প্রতিবেদন প্রকাশিত হয়েছে লন্ডনভিত্তিক সাময়িকী ‘দ্য ইকোনমিস্ট’-এর নতুন সংখ্যায় (১৬ ফেব্রুয়ারি)। ‘বাংলাদেশ: গণ-অসন্তোষ’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে:বিগত দুই দশকের মধ্যে বাংলাদেশে সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। শ্মশ্রুমণ্ডিত রাজনৈতিক ব্যক্তিত্ব আবদুল কাদের মোল্লার প্রত্যাশিত বিচারের দাবিতে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে প্রতিদিন লাখ লাখ বিক্ষোভকারী জড়ো হচ্ছেন। বিক্ষোভকারীদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় ভয়ংকর সব অপরাধ করা সত্ত্বেও কাদের মোল্লাকে শুধু যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়ায় সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছেন।অনলাইন অ্যাকটিভিস্টরা ঢাকার ব্যস্ততম সংযোগস্থল শাহবাগে বিক্ষোভের ডাক দিলে ৫ ফেব্রুয়ারি এই সমাবেশ শুরু হয়। কাদের মোল্লাসহ বিচার চলা অন্যদের মৃত্যুদণ্ড দাবি করছেন তাঁরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে এ দণ্ড দিয়েছেন। হত্যা, নির্যাতন, ধর্ষণ ও যুদ্ধকালীন নৃশংস সব অপরাধের অভিযোগে, বিশেষ করে ইসলামপন্থী বিরোধীদের বিচারের জন্য শেখ হাসিনার সরকার স্থানীয় এই আদালত গঠন করে। অপ্রত্যাশিতভাবে ফাঁসির রায় থেকে রেহাই পেয়ে কাদের মোল্লা তাঁর সমর্থকদের উদ্দেশে বিজয় চিহ্ন প্রদর্শন করেন। তাঁর এই আত্মতৃপ্তির অঙ্গভঙ্গি জনগণকে বিক্ষুব্ধ করেছে।শাহবাগের নামেই নাম পেয়েছে এই প্রতিবাদ কর্মসূচি। যদিও কেউ কেউ একে বলছেন, ‘নতুন প্রজন্ম চত্বর’, এখান থেকে দেশে একটি রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষার আভাস পাওয়া যাচ্ছে। পুরো পরিবার নিয়ে হাজির হয়েছেন অনেকে। বাদ যায়নি ছোট্ট শিশুরাও। ফাঁসির দাবিসংবলিত স্লোগান লেখা ব্যান্ডানা তাদের কপালে। জনসমাগম বাড়াতে সহায়ক ভূমিকা পালন করছে টেলিভিশনের প্রচার। আজ ১৫ ফেব্রুয়ারি শুক্রবার সেখানে প্রায় পাঁচ লাখ মানুষ সমবেত হতে পারে। গান-স্লোগান-পথনাটকের মাধ্যমে তরুণেরা, বাংলাদেশের প্রগতিশীল মানুষেরা সর্বোচ্চ দণ্ডের দাবিতে সোচ্চার হয়েছেন। তবে এঁদের মধ্যে প্রায় কেউই বিচারের ত্রুটিগুলোর ব্যাপারে মনোযোগ দিচ্ছেন না। সরকারি দল আওয়ামী লীগ এবং দেরিতে হলেও প্রধান বিরোধী দল বিএনপি উভয়ই এই প্রতিবাদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে। ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ রাজনীতিবিদেরা সমাবেশস্থলে গিয়ে প্রতিবাদী জনতার সঙ্গে একাত্মতা প্রকাশ করতে গিয়েছিলেন; তবে জনতা সেখানে তাঁদের কোনো বক্তব্য রাখতে দেননি। তার পরও আওয়ামী লীগ এখান থেকে শক্তি সঞ্চয় করতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচারের অঙ্গীকার বাস্তবায়ন করার প্রত্যয় ব্যক্ত করেছেন। এ সপ্তাহে তিনি সংসদে যুদ্ধাপরাধীদের ফাঁসির রায়ের পক্ষে কথা বলেছেন। তিনি বলেছেন, নিরপেক্ষ বিচারকদের জনমতের কথাও শুনতে হবে। ১৭ ফেব্রুয়ারি সংসদের পরবর্তী কার্যদিবসে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী বিল পাস হবে বলে আশা করা হচ্ছে, যার মাধ্যমে সরকার ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবে। কাদের মোল্লার স্বস্তি দীর্ঘায়িত না-ও হতে পারে।প্রধান বিরোধী দল বিএনপির জন্যও ঘটনাগুলো সমস্যাপূর্ণ। প্রতিবাদকারীদের সঙ্গে সংহতি জানানোর সিদ্ধান্ত নিতে তারা আট দিন বিলম্ব করেছে। তাদের আরও অনেক কিছু হারাতে হতে পারে, বিশেষ করে গুরুত্বপূর্ণ নির্বাচনী জোটের বৃহত্ শরিক জামায়াতে ইসলামীকে। জামায়াতে ইসলামীর বেশির ভাগ নেতার বিরুদ্ধে বিচার চলছে। শেষ পর্যন্ত এত সংখ্যক বিএনপির সমর্থক শাহবাগ আন্দোলনে যোগ দিয়েছেন যে, তাদের সামনে আর কোনো পথ নেই।প্রতিবাদী জনতার ভাষ্য, তাদের এই আন্দোলন ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে এবং ধর্মনিরপেক্ষ সরকারের পক্ষে। জামায়াতকে নিষিদ্ধের দাবি করছেন তাঁরা। জামায়াতের সহিংস তরুণ কর্মীদের উন্মত্ততা প্রতিবাদকারীদের এই দাবিকে আরও জোরদার করেছে। সরকার ইতিমধ্যে ১৯৭২ সালের ধর্মনিরপেক্ষ সংবিধান ফিরিয়ে এনেছে। হয়তো তারা শিগগিরই আরও পদক্ষেপ নেওয়ার কথা ভাববে। এ রকম আরও বড় প্রতিবাদের মাধ্যমে অনেক রাজনৈতিক দাবি-দাওয়াও উঠতে পারে। প্রতিবাদীরা আরও বড় আকারের পরিবর্তনের দাবি জানাতে পারেন। বর্তমানে বাংলাদেশে শেখ হাসিনা ও খালেদা জিয়া এবং তাঁদের অনুসারীদের মধ্যে দীর্ঘদিনের তিক্ত রাজনৈতিক লড়াই বিদ্যমান, তা খুব কম মানুষই পছন্দ করে। এই দুই দলের একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটলে শাহবাগের অনেকে হয়তো উল্লাসে মেতে উঠবেন। মূল প্রতিবেদন পড়তে এখানে ক্লিক করুন:http://www.economist.com/news/asia/21571941-huge-protest-capital-against-islamist-party-and-its-leaders-mass-dissatisfaction