দুই দাবি মেনে নেওয়ার আশ্বাস, বাঘাবাড়ীতে দুধ সরবরাহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ী এলাকার সমবায়ীরা মিল্ক ভিটায় দুধ সরবরাহ শুরু করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল নাগাদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতি লিটার দুধের সংগ্রহ মূল্য দুই টাকা বৃদ্ধি ও ২৪ ডিসেম্বর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেওয়ার পর সমবায়ীরা দুধ সরবরাহ শুরু করেন। সার্বিক পরিস্থিতি নিয়ে গতকাল দুপুর আড়াইটায় বাংলাদেশ দুগ্ধ সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা) কার্যালয়ে সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানটির মহাপরিচালক নাসিম আহমেদ জানান, দুধ সংগ্রহে মূল্যবৃদ্ধি এবং দ্রুত নির্বাচন সম্পন্ন করা হবে। তবে নিজের অপসারণের দাবিকে অযৌক্তিক আখ্যায়িত করে তিনি বলেন, তাঁর পরিচালনার সময় মিল্ক ভিটা ১৬ কোটি টাকা মুনাফা করেছে এবং আগের যেকোনো সময়ের চেয়ে ভালো অবস্থায় চলছে। সংবাদ সম্মেলনের একপর্যায়ে মিল্ক ভিটার শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) নেতারা হুমকি দিয়ে বলেন, মহাপরিচালককে অপসারণ করা হলে সারা দেশের দুগ্ধ খামারিরা তরল দুধ সরবরাহ বন্ধ করে দেবেন। তাঁরা মিল্ক ভিটার তেজগাঁও কার্যালয়ে মিছিল করে মহাপরিচালকের অপসারণের দাবির বিরুদ্ধে স্লোগান দেন।বাংলাদেশ দুগ্ধ উত্পাদনকারী সমবায় লিমিটেডের (মিল্ক ভিটা) সিবিএ সভাপতি মজিবর রহমান অভিযোগ করেছেন, স্থানীয় কিছু প্রভাবশালী খামারি ও রাজনৈতিক নেতা দুধ সরবরাহে বাধা সৃষ্টি করছেন। তাঁরা জোট সরকারের আমলের দুর্নীতিবাজ কর্মকর্তাদের মিল্ক ভিটায় পুনর্বহালের চেষ্টা চালাচ্ছেন।সিবিএর সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন জানান, বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর মিল্ক ভিটার ব্যাংকে সঞ্চিত অর্থের পরিমাণ ৬০ কোটি টাকা হয়েছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়ে মিল্ক ভিটার কর্মচারীদের ঠিকমতো বেতন দেওয়া সম্ভব হয়নি। গত বছর থেকে কর্মকর্তা-কর্মচারীদের বেতন, বোনাস ও উত্সাহ ভাতা নিয়মিত দেওয়া হচ্ছে। তাই বর্তমান প্রশাসনকে বহাল রাখতে হবে। শিগগিরই নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান সিবিএ নেতারা।দুধ সরবরাহ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে গতকাল মন্ত্রণালয়ে কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি কৃষক ও সমবায়ীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন, রমজান মাসসহ পুরো বিষয়টি বিবেচনায় নিয়ে দুধ যাতে নষ্ট না হয়, সে বিষয়টি লক্ষ রাখতে হবে। একই সঙ্গে তিনি খুচরা বিক্রেতাদের সতর্ক করে দিয়ে বলেছেন, এই সুযোগে কেউ যেন দাম না বাড়ায়। যদি কেউ দাম বাড়ায়, তাহলে তার লাইসেন্স বাতিল করা হবে।দুধের দাম বাড়ায় সিরাজগঞ্জের সমবায়ীদের মধ্যে এখন উত্সব আমেজ। ১০ ঘণ্টা বন্ধ রাখার পর বিকেল থেকে তাঁরা দুধ সরবরাহ শুরু করেছেন। এর আগে সকালে মিল্ক ভিটার আওতাভুক্ত নূকালী, মঙ্গলদহ, মাদলা প্রাথমিক দুগ্ধ উত্পাদনকারী সমবায় সমিতিগুলোয় গিয়ে জানা যায়, তাঁরা অন্য দিনের মতোই দুধ সংগ্রহ করেছেন।