দুই দিন পর আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাকচালকদের আন্দোলনের কারণে দুই দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ সোমবার থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হয়েছে। সকালে ত্রিপুরায় ছোটমাছ রপ্তানির মধ্য দিয়ে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়। সিরিয়াল মেনে ট্রাক চলাচল ও বন্দরে ট্রাক আটকে থাকলে ভর্তুকি প্রদানের দাবিতে গত শনিবার দুপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের ট্রাকচালকেরা ট্রাক চালানো বন্ধ রেখে আন্দোলনে নামেন। এরপর থেকে বন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। গতকাল রোববার দুপুরে বন্দরের ব্যবসায়ী, ব্রাহ্মণবাড়িয়ার ট্রাকমালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের ত্রিপক্ষীয় বৈঠকে সমঝোতার পর আজ বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়। বন্দরের শুল্ক কর্মকর্তা আবুল বাশার চৌধুরী প্রথম আলোকে জানান, সকালে মাছ রপ্তানির পর দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৫০টি ট্রাকভর্তি বিভিন্ন পণ্য ভারতের ত্রিপুরাসহ উত্তর-পূর্ব রাজ্যগুলোতে রপ্তানি হয়েছে।