দুই দিন পর সাগরে পাওয়া গেল নুরুজ্জামানের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্তানের খোঁজে ঢাকা থেকে ছুটে গিয়েছিলেন বাবা এম এ হামিদ। দুই দিন পর গতকাল শুক্রবার তিনি সন্তানের খোঁজ পেয়েছেন। তবে জীবিত নয়, পেয়েছেন তাঁর লাশ।গতকাল দুপুরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের ‘এ’ অ্যাঙ্করেজে বিস্ফোরক অধিদপ্তরের সহকারী পরিদর্শক এ এইচ এম নুরুজ্জামানের লাশ পাওয়া গেছে। কোস্টগার্ডের সদস্যরা তাঁর লাশ উদ্ধার করেন।গত বুধবার সকালে বন্দরের বহির্নোঙরে থাকা বাতিল (স্ক্র্যাপ) জাহাজ এমটি মার প্রিন্সেস পরিদর্শনে একটি দলের সঙ্গে বহির্নোঙরে যান নুরুজ্জামান। ওই জাহাজের লোহার সিঁড়ি বেয়ে ওঠার সময় সাগরে পড়ে যান তিনি। এরপর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।জানা গেছে, ঘটনার পর নুরুজ্জামানের লাশের খোঁজে বন্দর, কোস্টগার্ড ও নৌ-বাহিনীর নিজস্ব ডুবুরিরা সাগরে তল্লাশি শুরু করেন। গতকাল দুপুর একটা ৫০ মিনিটে সিজিএস তৌহিদ জাহাজ দিয়ে তল্লাশির সময় নুরুজ্জামানের ভেসে ওঠা লাশ দেখতে পান কোস্টগার্ডের সদস্যরা। কোস্টগার্ডের জাহাজ তৌহিদের অধিনায়ক লে. কমান্ডার মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, ‘সাগরে লাশ ভাসতে দেখে আমরা জাহাজে তুলে নিই। এ সময় স্পিডবোটে করে নুরুজ্জামানের বাবা এম এ হামিদসহ চারজন ঘটনাস্থলে আসেন। তাঁরা জাহাজে উঠে নুরুজ্জামানের লাশ শনাক্ত করেন। এরপর কর্ণফুলীর ১৫ নম্বর ঘাটে পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়।পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, লাশের সুরতহাল করেছি। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ পাঠানো হয়েছে। আজ শনিবার লাশের ময়নাতদন্ত হওয়ার কথা। এ ঘটনায় নিহত ব্যক্তির ছোট ভাই হাসানুজ্জামান থানায় মামলা করেছেন।বুধবার নুরুজ্জামানের সঙ্গে থাকা পরিদর্শক দলের সদস্যরা বলেন, ছোট জাহাজ থেকে বড় জাহাজে ওঠার সময় পা ফসকে পানিতে পড়ে তলিয়ে যান তিনি। তবে নুরুজ্জামানের বাবা এম এ হামিদ অভিযোগ করেন, কেউ তাঁর ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।পারিবারিক সূত্রে জানা গেছে, ময়নাতদন্ত শেষে লাশ আজ শনিবার চট্টগ্রাম থেকে সড়কপথে ঢাকায় নিয়ে যাওয়া হবে। লাশের জানাজা এবং দাফন ঢাকায় সম্পন্ন হবে।এদিকে লাশ উদ্ধারের পর এর আগে থানায় দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে নতুন করে একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। মামলার তদারকি কর্মকর্তা (আইও) পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জমান চৌধুরী বলেন, ‘নুরুজ্জমানের সঙ্গে যাঁরা সাগরে গিয়েছিলেন তাঁদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁদের বক্তব্য থেকে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। তাঁর বাবা-ভাইও কীভাবে মৃত্যু হয়েছে—সেটি তদন্ত করতে বারবার আমাকে অনুরোধ করেন। এ কারণে তাঁর সঙ্গে থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদ জরুরি।’ নুরুজ্জামানের লাশের সুরতহাল প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে পুলিশ কর্মকর্তারা জানান, তাঁর কপালে এবং পিঠে থেতলানোর মতো দাগ পাওয়া গেছে। লোহার সিঁড়ি থেকে পড়ে যাওয়ার কারণে এই দাগ হতে পারে বলে পুলিশ কর্মকর্তারা মনে করছেন। তবে পানিতে পড়ে যাওয়ার পরপরই আবার ভেসে উঠেও নুরুজ্জামান কেন লাইফ বয়া (পানিতে পড়ে যাওয়া লোকের ভেসে থাকার অবলম্বন) আকড়ে ধরেননি, তা ভাবিয়ে তুলেছে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের। জানা যায়, পানিতে পড়ার সময় নুরুজ্জামানের পরনে ছিল জিন্সের প্যান্ট-শার্ট এবং পায়ে ছিল কেডস। গতকাল দুপুরে উদ্ধারের সময় দেখা গেছে, তাঁর শরীর অস্বাভাবিক ফুলে গেছে। গায়ের চামড়াও উঠে গেছে।