দুই দিন পর ১৪ দিনের শিশু উদ্ধার, পরে মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার দুই দিন পর ধ্বংসস্তূপ থেকে ১৪ দিনের এক মেয়েশিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার উদ্ধারকারীরা তাকে উদ্ধার করে। খবর রয়টার্সের।জানা গেছে, ভূমিকম্পের সময় ওই শিশুটির মা শিশুটিকে বুকে জড়িয়ে ধরে ছিলেন। উদ্ধারকারীরা যখন শিশুটিকে উদ্ধার করেন, তখনো ধ্বংসস্তূপের নিচে ওই মা তাঁর শিশুটিকে বুকেই চেপে ধরে ছিলেন। পরে আজ দিন শেষে একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ওই শিশুটির মা ও তাঁর দাদিকেও জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। তবে ভূমিকম্পের সময় ওই ভবনে থাকা শিশুটির বাবার এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।দেশটির সরকারি কর্মকর্তার সূত্রে জানা গেছে, ঘটনার দুই দিন পর উদ্ধার শিশুটি ও তার মা এবং দাদিকে হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। শিশুটি এখন বেশ ভালো আছে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা। সরকারি এক মুখপাত্র জানিয়েছেন, ‘এই মুহূর্তে শিশুটি ভালো আছে। আমরা যতটা প্রত্যাশা করেছিলাম শিশুটি তার চেয়েও ভালো আছে। তার পরও আমরা নিয়মিত তাকে ইনকিউবেটরে রেখে পর্যবেক্ষণ চালাব।’উল্লেখ্য, গত রোববার তুরস্কের কুর্দি-অধ্যুষিত ভন প্রদেশ প্রদেশে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৬৬ জনে দাঁড়িয়েছে। আর আহত হয়েছে এক হাজার ৩০১ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে বিধ্বস্ত বাড়িঘরে আটকে পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। দুর্যোগ ও জরুরি সেবাকাজে নিয়োজিত কর্তৃপক্ষ জানিয়েছে, এ ভূমিকম্পে দুই হাজার ২৬২টি ভবন বিধ্বস্ত হয়েছে।