দুই দিনে আফগানিস্তানে নয় ন্যাটো সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বৃহস্পতিবার পশ্চিম আফগানিস্তানে এক বোমা বিস্ফোরণে তিন ন্যাটো সেনা নিহত হয়েছেন। এর আগে গতকাল বুধবার আফগানিস্তানে পৃথক তিনটি বোমা হামলায় ছয়জন ন্যাটো সেনা নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।তবে নিহত হওয়া এসব সেনার ব্যাপারে ন্যাটো কর্তৃপক্ষ বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। এমনকি তাঁরা কোন দেশের নাগরিক, তা-ও জানানো হয়নি। আফগানিস্তানে নিয়োজিত ন্যাটো বাহিনীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহায়ক বাহিনীর (আইএসএফ) পক্ষ থেকে গতকালের হতাহতের ঘটনা সম্পর্কে বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে পৃথক দুটি বোমা হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি হামলায় চারজন এবং অপরটিতে একজন ন্যাটো সেনা নিহত হয়েছেন। এ ছাড়াও আফগানিস্তানের উত্তরে জঙ্গি হামলায় একজন ন্যাটো সেনা নিহত হয়েছেন।আফগানিস্তানে এ মাসে ন্যাটোর ৩০ জন সেনা নিহত হয়েছেন। আর ২০০১ সাল থেকে এ পর্যন্ত আফগানিস্তানে দুই হাজারেরও বেশি বিদেশি সেনা নিহত হয়েছেন।আগামী বছরের মাঝামাঝি নাগাদ ন্যাটো বাহিনী আফগানিস্তানের নিরাপত্তার দায়িত্ব আফগান বাহিনীর কাছে হস্তান্তর করতে পারে বলে আশা করা হচ্ছে। -বিবিসি।