ঢাকা-চট্টগ্রাম রেলপথ নাশকতার আশঙ্কা সদর দপ্তর থেকে সতর্কবার্তা
দুই দিনে তিন ঘটনা, টহল জোরদার
৩৮টি বগিতে প্রায় এক হাজার যাত্রী নিয়ে আন্তনগর ট্রেন ‘সুবর্ণ এক্সপ্রেস’ গত বুধবার বিকেল চারটা ২০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ঢাকার কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়। রাত নয়টা ১২ মিনিটে ট্রেনটি যখন ফেনীর মুহুরীগঞ্জ স্টেশনের কাছাকাছি, তখন এর গতি ছিল ঘণ্টায় ৭২ কিলোমিটার। বাইরে তুমুল ঝড়বৃষ্টি। হঠাৎ ট্রেনের চালক আলাউদ্দীনের নজরে পড়ে, রেললাইনের ওপর কিছু একটা পড়ে আছে। বারবার ভেঁপু বাজানোর পরও রেললাইনের ওপর থেকে সেটি সরছে না দেখে তিনি ট্রেনের গতি কমাতে শুরু করেন। প্রায় আধা কিলোমিটার দূরে থাকার সময় তিনি লাইটের আলোয় বুঝতে পারেন, বড় আকারের তিনটি কংক্রিট স্লিপার রেললাইনের ওপর আড়াআড়ি রেখে দেওয়া হয়েছে। চালক আলাউদ্দীন তৎক্ষণাৎ ট্রেনের ব্রেক কষেন।ট্রেনটি থামার পর দেখা যায়, তিনটি স্লিপারের প্রথমটি ইঞ্জিনের ভেতর আটকে গেছে। ট্রেনের গতি কম থাকায় স্লিপার আটকানোর ঘটনাটি যাত্রীরা টের পায়নি। ইঞ্জিন থেকে স্লিপার খুলে নিতে সময় লাগে ৪২ মিনিট। এরপর ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছাড়ে। চালক আলা-উদ্দীন প্রথম আলোকে জানান, আল্লাহর রহমত ছাড়া এই ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার কথা নয়। তিনি বলেন, ‘দূর থেকে যখন আমি লাইনের ওপর কিছু একটা দেখি, তখন মনে হয়েছিল কলাগাছ কিংবা লতাপাতা-জাতীয় কিছু একটা হবে, যেটার ওপর দিয়ে ট্রেন চলতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু যখন বুঝতে পারলাম, এটি ছোটখাটো বাধার মতো, তখন ভ্যাকুয়াম খুলে দিয়ে কীভাবে যে ট্রেন থামিয়েছি, তা একমাত্র আল্লাহই ভালো জানেন। ১০ বছর ধরে ট্রেন চালাচ্ছি, আগে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হইনি।’রেল সূত্র জানায়, এ ঘটনার ২৪ ঘণ্টা আগে মঙ্গলবার রাত আটটা ৪০ মিনিটে ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ ও চিকনি আস্তানার মধ্যবর্তী এলাকায় একই পরিস্থিতির মধ্যে পড়ে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর গোধূলি (ট্রেন নম্বর ৭০২)। চালক মো. লোকমান লাইনের ওপর তিনটি কংক্রিট স্লিপার দেখতে পেয়ে আগে থেকেই ব্রেক কষেন। ফলে স্লিপারের অন্তত ১০০ গজ আগে ট্রেনটি থেমে যায়। স্লিপার সরিয়ে নিয়ে যাত্রা শুরুর জন্য ট্রেনটি সেখানে আটকা থাকে ২৪ মিনিট।এই দুই ঘটনার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষের সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই এলাকায় রাতে টহলের ব্যবস্থা করা হয়। রেলের একটি টহল দল বুধবার রাত সাড়ে ১২টার দিকে রসুলপুর ও কুমিল্লা সেকশনের মাঝামাঝি এলাকায় রেললাইনের একটি ফিশপ্লেট (লাইনকে আটকে রাখার ইস্পাতের আংটা) খোলা অবস্থায় দেখতে পায়।রেলওয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ২৭ ঘণ্টার ব্যবধানে প্রায় কাছাকাছি জায়গায় একই ধরনের তিনটি ঘটনার পর নাশকতার আশঙ্কার কথা মনে আসাটা স্বাভাবিক। এ বিষয়ে রেলওয়ের সদর দপ্তর থেকে গত বৃহস্পতিবার জারি করা এক সতর্কবার্তায় গভীর উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠু ও নিরাপদ ট্রেন চলাচলের স্বার্থে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নিয়মিত টহলসহ প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট সব দপ্তরে এই বার্তার অনুলিপি দেওয়া হয়। এর আগে রেলের পূর্বাঞ্চলের প্রধান যন্ত্র প্রকৌশলীর দপ্তর থেকে রেলওয়ের সদর দপ্তরে পাঠানো আলাদা এক তারবার্তায় পরপর দুই দিন একই ধরনের তিনটি ঘটনার কথা উল্লেখ করে বলা হয়, ‘এতে প্রমাণিত হয় যে এটা নাশকতামূলক ও রাষ্ট্রদ্রোহ কার্যকলাপ।’ জানতে চাইলে রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. নুরুল আমিন নাশকতামূলক কর্মকাণ্ডের তিনটি ঘটনা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, স্বার্থান্বেষী মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে এটা করতে পারে। দেশে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ায় তারা কিংবা তাদের সহযোগীরাও এ কাজ করতে পারে।এ অবস্থায় রেলের যাত্রীদের নিরাপত্তার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে, জানতে চাইলে নুরুল আমিন বলেন, ‘আমরা এখন প্রতিটি যাত্রীবাহী ট্রেনের চালকদের কাছে সতর্কবার্তা দিয়েছি। সতর্কবার্তার অর্থ হচ্ছে, চালক সীমিত গতিসীমায় ট্রেন চালাবেন এবং পরিস্থিতি বুঝে দ্রুততম সময়ে ট্রেন থামাবেন। এতে যাত্রীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’ফেনীর পুলিশ সুপার ইমাম হোসেন বলেন, ‘রেললাইনের নাশকতার বিষয়টিকে আমরা গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছি। কারা কী উদ্দেশ্যে এটা করছে, তা বের করার জন্য গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে।’রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রেলপথে প্রতিদিন যাত্রীবাহী ট্রেন চলে ১৪ জোড়া। এতে যাত্রী আসা-যাওয়া করে ১৬ থেকে ১৮ হাজার। এই পথে রেলের আয়ও সবচেয়ে বেশি বলে জানা যায়।