দুই দিনে ৩০ হাজার সিরীয় দেশ ছেড়েছেন
সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াই চলতে থাকায় সিরিয়া ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিচ্ছেন হাজার হাজার সিরীয়। জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মতে, গত ৪৮ ঘণ্টায় প্রতিবেশি দেশ লেবাননে পাড়ি জমিয়েছেন ৩০ হাজার নাগরিক। এমন পরিস্থিতিতে চূড়ান্ত পর্যায়ে সিরিয়ায় আরও ৩০ দিনের জন্য পর্যবেক্ষক মিশনের সময়সীমা বাড়াতে চায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।বিবিসির খবরে বলা হয়, সিরিয়ার রাজধানী দামেস্কের মিদান এলাকায় বিদ্রোহীদের ওপর সেনাবাহিনীর ফের হামলায় সংঘর্ষ বেড়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মিদান এলাকা বিদ্রোহীদের কবল থেকে মুক্ত হয়েছে। তবে বিদ্রোহীরা বলেছে, গোলাবর্ষণের শিকার হওয়ায় মিদান এলাকা থেকে সরে গেছেন তারা। একই সময় ভয়াবহ সংঘর্ষ চলছে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর অ্যালেপ্পোতেও। বিবিসির খবরে বলা হয়, আজ শুক্রবার মিদান এলাকায় ঢুকতে দেওয়া হয়েছিল সাংবাদিকদের। সেখানে গিয়ে রাস্তায় পড়ে থাকা ধুলিমাখা লাশ, কামান ও পুড়ে যাওয়া গাড়ির চিত্র ধারণ করেন তাঁরা। ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় সাড়ে ৩০ হাজারের মতো সিরীয় নাগরিক লেবাননে আশ্রয় নিয়েছেন। রাজধানী দামেস্কে শুরু হওয়া সংঘর্ষের কারণে আরও অনেকেই পালানোর পথ খুঁজছে। সংস্থাটি জানায়, ইতিমধ্যেই লেবাননে ২৬ হাজার ৯০০ নিবন্ধিত সিরীয় নাগরিক রয়েছে। সংস্থাটির একজন মুখপাত্র আরও জানান, গত চার দিনে আড়াই হাজার সিরীয় নাগরিক জর্ডানে পালিয়ে গিয়েছেন। যদিও সেখানে ইতিমধ্যেই নিবন্ধিত শরণার্থী হিসেবে আছেন ৩৫ হাজার নাগরিক। তবে বিদ্রোহীদের দাবি, শরণার্থীদের এ সংখ্যা আরও বেশি।