দুই দিনেও পরাগের খোঁজ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের দুদিন পরও শিশু পরাগ মণ্ডলের খোঁজ মেলেনি। এ অবস্থায় তার পরিবারের সবাই ভেঙে পড়েছেন। যেকোনো মূল্যে ছেলেকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন বাবা বিমল মণ্ডল।ঘটনার প্রতিবাদ ও পরাগকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবিতে আজ মঙ্গলবার সকালে বাংলাবাজারের হিড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা মানববন্ধন করেছেন। অবিলম্বে পরাগকে উদ্ধারে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মানববন্ধন থেকে আবেদন জানানো হয়েছে। পরাগ ওই স্কুলে প্রথম শ্রেণীতে পড়ে।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন প্রথম আলো ডটকমকে জানান, পরাগকে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।ঢাকার অদূরে কেরানীগঞ্জে পরাগের বাসায় শোকের ছায়া বিরাজ করছে। এলাকাবাসীর মধ্যেও এ শোক ছড়িয়ে পড়েছে।গত রোববার সকাল সাতটায় রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের শুভাঢ্যা পশ্চিমপাড়ায় মা, বোন ও গাড়িচালককে গুলি করে ছয় বছরের শিশু পরাগ মণ্ডলকে অপহরণ করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা।প্রত্যক্ষদর্শীরা জানান, কেরানীগঞ্জের জেকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের ব্যবস্থাপনা পরিচালক বিমল মণ্ডলের স্ত্রী লিপি মণ্ডল প্রতিদিনের মতো রোববারও তিন সন্তানকে স্কুলে পাঠাচ্ছিলেন। তাঁদের গলিটি সরু হওয়ায় সন্তানদের নিয়ে বাসা থেকে বের হয়ে গলির মুখে রাখা গাড়িতে তুলে দিচ্ছিলেন তিনি। এ সময় দুটি মোটরসাইকেলে চার দুর্বৃত্ত সেখানে আসে এবং গুলি করে মায়ের কাছ থেকে পরাগ মণ্ডলকে ছিনিয়ে নিয়ে যায়। লিপি মণ্ডল বুকে ও পায়ে, মেয়ে পিনাকি ও চালক নজরুল পায়ে গুলিবিদ্ধ হন।আহত ব্যক্তিদের প্রথমে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে লিপি মণ্ডলকে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তাঁর অস্ত্রোপচার হয়েছে। পিনাকিকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিত্সা দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।এ ঘটনায় রোববার রাতে পরাগের দাদি সাবিত্রী মণ্ডল অজ্ঞাতনামা চার ব্যক্তিকে আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় হত্যার চেষ্টা ও অপহরণের অভিযোগ আনা হয়েছে। তবে গতকাল পর্যন্ত পুলিশ কাউকে শনাক্ত করতে পারেনি। পরাগের বাবা বিমল মণ্ডল যেকোনো মূল্যে ছেলেকে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন।বিমল মণ্ডলের তিন সন্তানের মধ্যে ছেলে পরাগ বাংলাবাজারের হিড ইন্টারন্যাশনাল স্কুলে প্রথম শ্রেণীতে পড়ে এবং একই স্কুলে মেয়ে পিনাকি পড়ে চতুর্থ শ্রেণীতে। আরেক মেয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী পিয়ালি পড়ে অন্য একটি স্কুলে। সে অক্ষত রয়েছে।পরাগের মুক্তির জন্য দুই কোটি টাকা দাবি করে পরিবারের কাছে একটি ফোন এসেছিল বলে দাবি করেছে র্যাব। তারা জানায়, টাকা দাবির পর ওই ফোনটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে পরিবার থেকে কেউ বিষয়টি স্বীকার করেনি।