ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মনজুরকে নির্যাতনের মামলায় তাঁর স্বামী হাসান সাইদকে গতকাল বৃহস্পতিবার দুই দিনের রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। হাসান সাইদকে গ্রেপ্তারের বিষয়ে ব্যাখ্যা দিতে পুলিশের তিন কর্মকর্তা গতকাল বহস্পতিবার হাইকোর্টে হাজির হন। ডিবি সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী আসামি সাইদকে গতকাল বেলা তিনটার দিকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠান। সাধারণ নিবন্ধন শাখার (জিআরও) উপপরিদর্শক মো. ফরিদ আদালতকে বলেন, আসামি হাসান সাইদ তাঁর স্ত্রীকে নির্যাতন করে নাকের মাংস ছিঁড়ে নেন। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। আসামি সাইদের আইনজীবী মনোয়ার ইসলাম চৌধুরী জামিন চেয়ে আদালতকে বলেন, মামলার এজাহারে মারধরের কথা উল্লেখ করা হলেও হত্যার চেষ্টা করা হয়েছে, কোথাও এমন কথা নেই। আসামির স্ত্রী নয় মাস উচ্চতর ডিগ্রি নিতে কানাডায় ছিলেন। সেখানে ইরানের এক ব্যক্তির সঙ্গে তাঁর সম্পর্ক হয়। পরবর্তী সময়ে কানাডা যাওয়ার কথা বললে সাইদ তাঁর স্ত্রী রুমানাকে বাধা দেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। ঘটনার দিন উভয়ের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে রুমানা আঘাতপ্রাপ্ত হন। উভয় পক্ষের শুনানি শেষে মহানগর হাকিম শাহরিয়ার মাহামুদ আদনান আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।গত বুধবার রুমানা মনজুরকে নির্যাতনের মামলায় তাঁর স্বামী হাসান সাইদকে কেন গ্রেপ্তার করা হয়নি জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছিলেন। এর তিন ঘণ্টা পর বেলা সোয়া দুইটার দিকে রাজধানীর উত্তর মুগদাপাড়ার আত্মীয়ের বাসা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।হাইকোর্টে হাজিরা ও অব্যাহতি: রুমানা মনজুরকে নির্যাতনের মামলায় তাঁর স্বামী হাসান সাইদকে গ্রেপ্তার এবং এ বিষয়ে নেওয়া পদক্ষেপ জানাতে গতকাল সকালে হাইকোর্টে হাজির হন ধানমন্ডি অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার শরীফুর রহমান, ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ও মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মকবুল হোসেন। বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বক্তব্য শুনে তিন পুলিশ কর্মকর্তাকে তাঁদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। তবে ওই মামলার অগ্রগতির প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। গত বুধবার হাইকোর্টের ওই বেঞ্চ রুমানাকে নির্যাতনের পর ১০ দিন কেটে গেলেও সাইদকে কেন গ্রেপ্তার করা হয়নি, তা জানতে চেয়ে স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল বেলা ১১টার দিকে পুলিশের তিন কর্মকর্তা হাইকোর্টে হাজির হন। রুল জারির পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল কি না, তা জানতে চান আদালত। রুলের আগে গ্রেপ্তারের চেষ্টা করেছেন কি না জানতে চাইলে ধানমন্ডি থানার ওসি মনিরুজ্জামান বলেন, ইতিমধ্যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথম থেকেই চেষ্টা করা হচ্ছিল। মুঠোফোন বন্ধ থাকায় সন্ধানে কিছুটা বিলম্ব হলেও চেষ্টা অব্যাহত ছিল। রুমানা মনজুরের পক্ষে আইনজীবী এলিনা খান যথাসময়ে ও সঠিকভাবে যাতে অভিযোগপত্র দেওয়া হয়, সে জন্য আরজি জানান। পরে হাইকোর্ট আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, আসামিকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তারা বক্তব্য দিয়েছেন। আদালত তাঁদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন। ওই মামলায় নেওয়া পদক্ষেপের অগ্রগতি প্রতিবেদন ৩০ দিন পর দাখিল করতে বলা হয়েছে। এলিনা খান বলেন, আদালত বিষয়টি এক মাস পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছেন।বিবৃতি ও মানববন্ধন: রুমানা মনজুরকে নির্যাতনকারী তাঁর স্বামী হাসান সাইদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবি করে সাতটি সংগঠনের নয়জন বিশিষ্ট নাগরিক যৌথ বিবৃতি দিয়েছেন। তাঁদের মধ্যে আছেন হামিদা হোসেন, খুশী কবির, শিরীন হক, ইফতেখারুজ্জামান, সারা হোসেন, ফারাহ কবির প্রমুখ। গতকাল বেলা ১১টায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ একই দাবিতে মানববন্ধন করেছে। মামলা ডিবিতে: ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, গতকাল সকাল থেকে রুমানা মনজুর নির্যাতন মামলাটি ডিবি পুলিশ তদন্ত শুরু করেছে। মামলার নথিপত্র ডিবিতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পর মঙ্গলবার রুমানাকে ভারতের চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে নেওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে।