দুই দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
নরসিংদী ও কুড়িগ্রামে আজ সোমবার পৃথক দুটি দুর্ঘটনায় একটি শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে।ভৈরব: নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় কাভার্ড ভ্যানের চাপায় সুমন মিয়া (৩০) নামে একজন কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ দুপুর ১২টার দিকে সদর উপজেলার শীলমান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সুমন শীলমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী হোসেনের ছেলে। তাঁর বাড়ি নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের বাবুরহাট এলাকায়।নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব কুমার দত্ত জানান, সুমন বাবুরহাট থেকে ব্যবসায়িক কাজ শেষে শীলমান্দী এলাকায় যাচ্ছিলেন। শীলমান্দীতে রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে শিবপুরগামী একটি কাভার্ড ভ্যান তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত সুমনের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে আজ পানিতে ডুবে পঞ্চম শ্রেণীর ছাত্রী রোকসানা খাতুনের (১১) মৃত্যু হয়েছে। সে উপজেলার থানাহাট ইউনিয়নের রাজারভিটা গ্রামের রকেট মিয়ার মেয়ে।এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোকসানা আজ বেলা ১১টার দিকে বাড়ির পাশের ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। একপর্যায়ে সে ডুবে গেলে স্থানীয় লোকজন উদ্ধারের চেষ্টা করে। ঘণ্টাখানেক পর মৃত অবস্থায় রোকসানাকে উদ্ধার করা হয়।থানাহাট ইউপি সদস্য মতিয়ার রহমান জানান, রোকসানা স্থানীয় নবেরহাট রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।