দুই নারী চিকিৎসক ফরেনসিক বিশেষজ্ঞ নন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে গতকাল মঙ্গলবার বিকেলে দুজন নারী চিকিৎসককে পদায়ন করা হয়। তাঁদের একজন মেরুনা মাহজাবীন, অপরজন ফারহানা রহমান। তবে তাঁরা কেউ ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ নন।মেরুনা মাহজাবীন বগুড়ার মোহাম্মদ আলী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। অপর চিকিৎসক ফারহানা রহমান নীলফামারীর সৈয়দপুরের ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।নাম প্রকাশ না করা স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তা প্রথম আলো ডটকমকে জানান, এই দুজন চিকিৎসকের কেউ ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ নন। সারা দেশে এ বিষয়ে চিকিৎসকের প্রকট সংকট রয়েছে। সে কারণে কোনো বিশেষজ্ঞ চিকিৎসককে এখনো এ বিভাগে পদায়ন করা যায়নি।গতকাল প্রথম আলোয় ‘নারীর জন্য এ কেমন ব্যবস্থা?’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে দুজন নারী চিকিৎসক ও দুজন আয়া নিয়োগ দেওয়া হয়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সচিব এম এম নিয়াজউদ্দিন গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।সচিব জানান, গতকাল সকালেই তাত্ক্ষণিকভাবে ফরেনসিক বিভাগে চিকিৎসক ও আয়া নিয়োগের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া দেশের অন্যান্য মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগেও যাতে নারী চিকিৎসক রাখা হয়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।হাইকোর্টের রুল জারি: প্রথম আলোয় প্রকাশিত ওই প্রতিবেদন গতকাল আদালতে উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, নূর উস সাদিক ও জাইদী হাসান খান। শুনানিতে আইনজীবীরা বলেন, প্রতিবেদনে দেখা যাচ্ছে, ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগে কোনো নারী চিকিৎসক নেই। ধর্ষণের শিকার নারীদের শারীরিক পরীক্ষা করছেন পুরুষেরা। এটা সংবিধানের মৌলিক ধারাগুলোর পরিপন্থী। এর মাধ্যমে নারীরা দ্বিতীয়বার ধর্ষণের শিকার হচ্ছেন। সুতরাং এ বিষয়ে আদালতের নির্দেশনা প্রয়োজন।এর ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং ফরেনসিক বিভাগের প্রধানকে তলব করেছেন হাইকোর্ট। ২৮ এপ্রিল সকালে আদালতে হাজির হয়ে এ বিষয়ে তাঁদের ব্যাখ্যা জানাতে বলা হয়েছে।