দুই নারী মন্ত্রীর আপত্তিকর ছবি, গ্রেপ্তার যুবক ৩ দিনের রিমান্ডে
বর্তমান সরকারের শীর্ষস্থানীয় দুই নারী মন্ত্রীর আপত্তিকর ছবি তৈরির অভিযোগে সাতক্ষীরায় গ্রেপ্তার আমিনুর রহমান ওরফে বাবলাকে পুলিশ তিন দিনের রিমান্ডে নিয়েছে। ওই দুই মন্ত্রীর মুখের ছবির সঙ্গে অন্যের নগ্ন ছবির নিচের অংশ লাগিয়ে আপত্তিকর ছবি তৈরি করে তা এলাকায় বিভিন্ন মানুষের মোবাইল ফোনে এমএমএস করে পাঠানো হচ্ছিল।আজ বুধবার পুলিশ বাবলাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে সাতক্ষীরার বিচারিক হাকিম আদালতের বিচারক মাসুদুর জামান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।গতকাল মঙ্গলবার সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া নতুনবাজার থেকে ওই যুবককে গ্রেপ্তার এবং ওই ছবি তৈরির কাজে ব্যবহূত তাঁর কম্পিউটার ও মোবাইল ফোনসেট জব্দ করা হয়।কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান জানান, কয়েক দিন ধরে ওই কুরুচিপূর্ণ ছবি এলাকার বিভিন্ন মানুষের মোবাইল ফোনে এমএমএস করে পাঠানো হচ্ছিল। তিনি জানতে পারেন, দেয়াড়া নতুনবাজারের বাবলা কসমেটিকস, ডিজিটাল স্টুডিও অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টার থেকে এসব এমএমএস করা হচ্ছে। গতকাল বেলা ১১টার দিকে স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানের মালিক আমিনুর রহমানসহ ওই প্রতিষ্ঠান ঘেরাও করে কলারোয়া থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ আমিনুর রহমানকে গ্রেপ্তার ও তাঁর প্রতিষ্ঠানে ব্যবহূত কম্পিউটার ও মোবাইল ফোনসেট জব্দ করে।গ্রেপ্তার হওয়া আমিনুর রহমানের বরাত দিয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস জানান, একই এলাকার কলারোয়া উপজেলার সলিমপুর কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. শাহাজাহান সরদার কেশবপুর থেকে একটি সিডি সংগ্রহ করে আমিনুরকে দিয়েছে। এতে এসব নগ্ন ছবি রয়েছে। আর তাঁকে এ কাজ করতে উত্সাহিত করেছে একই এলাকায় গোলাম মোস্তফা ও আবদুল আজিজ। ওসি আরও জানান, আমিনুরের কাছে থেকে জব্দ করা কম্পিউটারে বিভিন্ন মোবাইল ফোনে পাঠানো বিকৃত ছবি পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন ধরনের নগ্ন ছবি তাঁর কম্পিউটারে রয়েছে।এ ঘটনায় দেয়াড়া ইউনিয়ন যুবলীগে সভাপতি মেহেদী হাসান বাদী হয়ে গতকাল রাতে একটি মামলা করেন।