দুই নারীর তাণ্ডব, আক্রান্ত সাংবাদিক-পুলিশ-থানা (ভিডিও )
কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট ও একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিককে মারধর ও ক্যামেরা ভাঙচুরের অভিযোগে পুলিশ দুই নারীসহ পাঁচজনকে আটক করেছে।আজ শুক্রবার শেরেবাংলা নগর থানায় আটক দুই নারীকে ছাড়িয়ে নিতে তাঁর সহযোগীরা থানা ভাঙচুর করলে পুলিশ তাঁদের আটক করে।পুলিশ সূত্র জানায়, আজ বেলা তিনটার দিকে জাতীয় সংসদ ভবনের পেছনের লেক সড়কে একটি প্রাইভেট কারের সঙ্গে একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে প্রাইভেট কার থেকে নেমে আইনসচিবের স্ত্রী পরিচয়দানকারী কেয়া চৌধুরী নামের এক নারী মোটরসাইকেল আরোহীকে চড়-থাপড় মারেন। ঘটনাস্থলের কাছে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট গিয়ে প্রতিবাদ করলে তাঁকেও শার্টের কলার ধরে ওই দুই নারী মারধর করেন। ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় আরটিভির ক্যামেরাম্যান সেই দৃশ্য ধারণ করেন। এ সময় তাঁরা ক্যামেরাম্যানের হাত থেকে ক্যামেরা এবং নগর প্রতিবেদক ওসমান গনি বাবুলের কাছ থেকে বুম কেড়ে নিয়ে তা ভেঙে ফেলে। খবর পেয়ে শেরেবাংলা নগর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে কেয়া ও তাঁর সহযোগীকে আটক করে থানায় নিয়ে যায়। এরই মধ্যে কেয়ার সহযোগী অন্তত ১০-১২ জন যুবক তাঁদের ছাড়িয়ে নিতে থানায় গিয়ে সাংবাদিকদের মারধর করে। একপর্যায়ে তারা থানার ওসি ও অপারেশন কর্মকর্তার কক্ষ ভাঙচুর করে। তখন থানায় ওসি ও অপারেশন কর্মকর্তা উপস্থিত ছিলেন না। খবর পেয়ে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. ইমাম হোসেন, থানার ওসি জাকির হোসেন থানায় আসেন। সাংবাদিক ওসমান গণি জানান, একটি অ্যাসাইনমেন্ট শেষ করে তাঁরা লেক সড়ক হয়ে কর্মস্থলে ফেরার পথে মারধরের ছবি তুলছিলেন। কিন্তু কেয়া চৌধুরী ও তাঁর সহযোগী তাঁদের ক্যামেরা ও বুমটি ভেঙে ফেলেছে। পরে তাঁর সহযোগীরা থানায় তাঁকেসহ একটি দৈনিকের সাংবাদিককে মারধর করেন।এ ব্যাপারে জানতে চাইলে উপকমিশনার ইমাম হোসেন প্রথম আলোকে বলেন, কেয়া চৌধুরী কোনো আইনসচিবের স্ত্রী নন। তিনি প্রতারক। তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে দায়ের হওয়া তিনটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে আদাবর থানায়। তিনি বলেন, পুলিশের ওপর হামলা, থানা ভাঙচুর, সাংবাদিক মারধর ও ক্যামেরা ভাঙচুর এবং মোটরসাইকেল আরোহীকে মারধর করার অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় চারটি মামলা হচ্ছে। এ ঘটনায় কেয়া চৌধুরীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌজন্যে : আরটিভি