রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজে অটিস্টিক শিশুকে নির্যাতনের ঘটনায় দুই নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুসারে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান ও ঘটনার তদন্তকারী সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমানকে আগামী সোমবার আদালতে হাজির হতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ওই দুই নৈশপ্রহরী হলেন হেলালউদ্দিন ও বেলাল। ৯ জানুয়ারি ‘অটিস্টিক শিশুটির ওপর এই নির্মমতা!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রথম আলোয় প্রকাশিত হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আনা হলে আদালত শেওড়াপাড়ায় মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের ৩ নম্বর শাখার অধ্যক্ষ ফরহাদ হোসেন ও কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান নিরাপত্তাকর্মীদের ১৯ জানুয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছিলেন। এ নির্দেশনা অনুসারে গতকাল অধ্যক্ষ, পরিদর্শক (তদন্ত) ও নিরাপত্তাকর্মী হাজির হন। শুনানি নিয়ে আদালত অধ্যক্ষকে অব্যাহতি দেন। একই সঙ্গে দণ্ডবিধির ৩২৪, ৩৪১ ও ৩৬০ ধারায় মামলা নিতে বলা হয়েছে। আদালতে অধ্যক্ষের পক্ষে আইনজীবী শ ম রেজাউল করিম শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।