দুই নেতার দ্বন্দ্বে নেতিয়ে পড়ছে রাজশাহী বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু এবং জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফার দ্বন্দ্বে জটিল হয়ে পড়ছে প্রধান বিরোধী দল বিএনপির রাজনীতি। কোন্দল আর পরস্পরের আস্থাহীনতার প্রভাব সংক্রমিত হয়েছে গোটা জেলার রাজনীতিতে। জেলা কমিটির প্রধান নাদিম মোস্তফা নিজের কর্তৃত্ব স্থাপনের জন্য অধিকাংশ উপজেলা কমিটি ভেঙে দিয়েছেন বলে মহানগর কমিটির নেতাদের অভিযোগ। আবার নাদিম বলছেন, ‘আমি তো মহানগর কমিটি নিয়ে মাথা ঘামাই না। জেলা কমিটি নিয়ে তাদের এত মাথাব্যথা কেন?’ গত নির্বাচনে রাজশাহীর ছয়টি আসনের সব কটি হারায় বিএনপি। এই দুই নেতাই বিএনপি ক্ষমতায় থাকার সময় প্রভাবশালী সাংসদ ছিলেন। এখন নেতাদের দ্বন্দ্বে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন কর্মীরা। দুর্বল হচ্ছে দলের সাংগঠনিক অবস্থা। রাজশাহী জেলা বিএনপিতে কোন্দলের শুরু নাদিম মোস্তফাকে সভাপতির দায়িত্ব দেওয়ার পর। ২০০৯ সালে কাউন্সিলের মাধ্যমে রাজশাহী মহানগর বিএনপির কমিটি গঠন করা হয়। এতে মিজানুর রহমান মিনু সভাপতি ও শফিকুল ইসলাম মিলন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কাছাকাছি সময়ে নাদিম মোস্তফাকে সভাপতি ও কামরুল মনিরকে সাধারণ সম্পাদক করে কেন্দ্র থেকে রাজশাহী জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। মিজানুর রহমান সমর্থকদের অভিযোগ, এই কমিটি গঠনের পর থেকে একে একে পুরাতন কমিটি ভেঙে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কমিটি নাদিম মোস্তফার নিজের অনুসারীদের নিয়ে করা হচ্ছে। এ নিয়ে সংগঠনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। দূরত্বের সৃষ্টি হয় মিনু ও নাদিমের মধ্যে। রাজশাহী মহানগরের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন, সামাজিক ও রাজনৈতিকভাবে অবস্থান থাকা এবং ত্যাগী নেতা-কর্মীরা বিএনপির কোথাও জায়গা পাচ্ছেন না। এ নিয়েই দলের নেতা-কর্মীদের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে। এটাকে অনেকেই মিজানুর রহমান ও নাদিম মোস্তফার বিরোধ বলে মনে করছেন। বাগমারা উপজেলা যুবদলের (বিলুপ্ত) সভাপতি কামাল হোসেন বলেন, ‘আমাকে নাদিম মোস্তফার গ্রুপের রাজনীতি করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। রাজি না হওয়ায় আমার নির্বাচিত কমিটি ভেঙে দেওয়া হয়েছে।’এসব অভিযোগ মানতে নারাজ রাজশাহী জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা। তিনি দাবি করেন, তাঁর নেতৃত্বে রাজশাহী জেলা বিএনপি চাঙ্গা হয়েছে। তিনি যোগ্য লোকদের নিয়ে কমিটি করছেন। নগরের ভুবনমোহন পার্কের পাশে কাবিল ম্যানসনের একটি ভাড়া বাড়িতে জেলা ও মহানগর বিএনপির কার্যালয় রয়েছে। কিন্তু জেলা ও মহানগর ইউনিটের মধ্যে দ্বন্দ্বের কারণে জেলা বিএনপির নেতা-কর্মীরা ওই কার্যালয়ে যান না। তবে এ তথ্য ঠিক নয় বলে দাবি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের। তিনি বলেন, জেলার নেতা-কর্মীরাও এই কার্যালয়ে আসেন। তবে নাদিম মোস্তফা নিয়মিত আসেন না। তিনি নিয়মিত কোথাও বসেন না। ফোন করে ডেকে যেখানে বসেন সেটাই তাঁর কার্যালয়। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান বলেন, নাদিম মোস্তফা হচ্ছেন রাজা আর অন্যরা সবাই প্রজা। ওনি যা করবেন সবাইকে তাই মানতে হবে। তিনি কারও সঙ্গে পরামর্শ করে কোনো কাজ করেন না। ছাত্রদল ও যুবদলের যে কমিটিগুলো করা হচ্ছে, সেখানেও তাঁদের কোনো মতামত নেওয়া হচ্ছে না। জেলা বিএনপির সহসভাপতি দেলোয়ার হোসেন বলেন, নাদিম মোস্তফা দলে একক আধিপত্য বিস্তারের জন্য পকেট কমিটি তৈরি করছেন। এতে করে জেলা বিএনপির সাংগঠনিক কাঠামো একেবারে ভেঙে পড়েছে। তিনি বলেন, নাদিম মোস্তফা কমিটিতে আসার পরে একটি মিটিংও করেননি। অপরদিকে বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ বলেন, মিজানুর রহমান মিনু একক নেতৃত্বে মহানগর ও জেলা বিএনপি চালাতে চান। তিনি বলেন, নাদিম মোস্তফা জেলার দায়িত্ব নেওয়ার পর দল কিছুটা চাঙ্গা হয়েছে। মিজানুর রহমান মিনু এটা মানতে পারছেন না। মিজানুর রহমান মিনু প্রথম আলোকে বলেন, রাজশাহী বিএনপির দুর্গ হলেও এখন একটা খারাপ সময় যাচ্ছে। এটা বাস্তবতা। তবে বিএনপির নেতা-কর্মীরা সব সময়ই ঐক্যবদ্ধ। তিনি বলেন, জেলা বিএনপিতে যাকে নেতা করা হয়েছে, তিনি কেন্দ্রীয় নেতা। রাজশাহী বিএনপিতে কে সক্রিয় আর কে নিষ্ক্রিয় তা তাঁর জানা নেই। থাকার কথাও না। এ জন্যই সমস্যা হচ্ছে। তিনি বলেন, ঢাকায় সবকিছু জানানো হয়েছে। নিশ্চয়ই বিএনপি সক্রিয়ভাবে রাজশাহীতে যাতে কাজ করে সে জন্য কেন্দ্রীয় নেতারা উদ্যোগী হবেন।দলীয় সূত্রে জানা গেছে, বাগমারা উপজেলা যুবদলের নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে গত ১০ ফেব্রুয়ারি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে নাদিম মোস্তফার অনুগতদের নিয়ে কমিটি ঘোষণা করা হয়। এরপর ২৪ মার্চ নির্বাচনের মাধ্যমে এর পাল্টা কমিটি গঠন করা হয়। এ নিয়ে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। একইভাবে জেলার বাঘা, চারঘাট, মোহনপুর ও পবা উপজেলায় সংঘর্ষ হয়েছে। যুবদলের ২৩টি ইউনিটের মধ্যে ১৪টি কমিটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করা হয়েছে। এসব ক্ষোভের কারণে গত ১৬ ফেব্রুয়ারি রাজশাহীতে অনুষ্ঠিত বিভাগীয় যুবদলের মহাসমাবেশে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহাবুবুর রহমানের উপস্থিতিতে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা নাদিম মোস্তফার বিরুদ্ধে ব্যানার টানায়।তবে জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, ১৭ বছর ধরে যারা কোনো কাজ না করে দলের পদ ভাঙিয়ে খেয়েছে, তাদের মনে নাদিম মোস্তফার বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হতেই পারে। যোগাযোগ করা হলে নাদিম মোস্তফা বলেন, আগের চেয়ে রাজশাহী জেলা বিএনপি এখন গতিশীল। প্রকৃতপক্ষে যারা বিএনপি করে তাদের দিয়েই কমিটি করা হয়েছে। তিনি বলেন, ‘আমি তো মহানগরের কোনো কমিটির ব্যাপারে হস্তক্ষেপ করিনি। জেলা নিয়ে মহানগরের এত মাথাব্যথা কেন?’