দুই নেত্রী কেউ একে অপরের প্রতি শ্রদ্ধাশীল নন: রফিক-উল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যারিস্টার রফিক-উল হক বলেছেন, বাংলাদেশের দুই নেত্রীর কেউ কারও প্রতি শ্রদ্ধাশীল নন। তাঁরা একে অপরের প্রতি সহনশীল আচরণ করেন না। আজ শুক্রবার যশোরের ঝিকরগাছায় আকিজ কলেজিয়েট স্কুল মাঠে এ বছরে এসএসসিতে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রফিক-উল হক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হবে। মানুষ হওয়ার জন্য এটি খুব দরকার। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, শিক্ষকেরা কম মাইনে (বেতন) পান, কষ্টের মধ্যে তাঁরা দিন যাপন করেন। তার পরও তাঁরা শিক্ষার্থীর কাছে আদর্শ। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ বলেন, শিক্ষা যত সহজ হচ্ছে, শিক্ষার মান তত কমছে। চারদিকে শিক্ষিতের ছড়াছড়ি কিন্তু প্রকৃত সত্ মানুষ পাওয়া যাচ্ছে না।যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল বাশার মোল্লা বলেন, শিক্ষকেরা শিক্ষকতার মতো মহান পেশায় থেকেও অতিরিক্ত পেশায় জড়িয়ে পড়ছেন। যার জন্য শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে; যা অত্যন্ত লজ্জাজনক। অনুষ্ঠানে শার্শা ও ঝিকরগাছা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া চার শতাধিক শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।আকিজ কলেজিয়েট স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি শেখ মহিউদ্দীনের সভাপতিতে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দীন, পরিচালক শেখ মোমিন উদ্দীন, আকিজ কলেজিয়েট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান প্রমুখ।