‘প্রয়োজনে কমিশন দায়িত্ব নেবে’
দুই নেত্রীকে আলোচনায় বসার অনুরোধ জানালেন মিজানুর রহমান
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান দুই নেত্রীকে আলোচনায় বসার অনুরোধ জানিয়েছেন। প্রয়োজনে কমিশন এ দায়িত্ব নিতে প্রস্তুত বলেও তিনি মন্তব্য করেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে সভাপতির বক্তব্যে মিজানুর রহমান এ কথা বলেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘দি জেন্ডার এজেন্ডা: গেইনিং মোমেনটাম অ্যা মডার্ন প্রোগ্রেসিভ ওয়ার্ল্ড নিডস’ শীর্ষক সেমিনারে তিনি প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ করে বলেন, ‘অনুগ্রহপূর্বক আপনারা পরস্পরবিরোধী অবস্থান থেকে সরে আসুন। বৈঠকে কোনো এজেন্ডা থাকার দরকার নেই। অন্তত মুখ দেখাদেখিটুকু হোক, কুশল বিনিময় হোক। দুজন বিশিষ্ট নেত্রীর একসঙ্গে বসা সমগ্র জাতিকে মুক্তির পথ দেখাতে পারে। বিএনপি তো বলেছে দলটি যুদ্ধাপরাধের বিচার চায়, কীভাবে এ বিচারব্যবস্থাকে আরও বেশি শক্তিশালী করা যায়, তা নিয়েও তো আলোচনা হতে পারে।’ কমিশনের চেয়ারম্যান যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে ধর্মের অপব্যাখ্যা দিয়ে দেশজুড়ে যে সহিংসতা চলেছে, তার সমালোচনা করেন। তিনি ধর্মীয় সহিংসতায় নারী ও শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকার আহ্বান জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ মেহের আফরোজ চুমকি বলেন, ‘আজ আমি নারীর অধিকার নিয়ে কথা বলছি, কাল আমার লাশ পড়বে কি না, কে জানে। প্রশ্ন উঠতে পারে, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। ১৬ কোটি মানুষের এই দেশে প্রতি ১২ শ জনের জন্য একজন পুলিশ আছেন।’ তিনি আরও বলেন, অন্যকে নাস্তিক বলা, হিন্দুদের আক্রমণ করা রাজনীতি নয়। পাক্ষিক অনন্যার সম্পাদক তাসমিমা হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরমিন্দ নিলোর্মী সেমিনারে বক্তব্য দেন। সেমিনারটির আয়োজক ছিল জাতীয় মানবাধিকার কমিশন, সেন্টার ফর সাসটেইনেবল রুরাল লাইভলিহুড, অক্সফাম ও সেন্টার ফর গ্লোবাল চেঞ্জ।