দুই নেত্রীকে এরশাদের চিঠি, সংলাপে বসার অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনের জন্য আলোচনায় বসার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ৭ এপ্রিল রাতে চিঠি দুটি পাঠিয়েছেন এরশাদ। উভয় নেত্রী চিঠি পেয়েছেন বলে জাতীয় পার্টির শীর্ষ পর্যায় থেকে গতকাল বুধবার নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে দেওয়া চিঠিতে বিরোধীদলীয় নেতাসহ জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সব দলের নেতা এবং দেশের বরেণ্য ও নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের আলোচনায় ডাকার অনুরোধ করেছেন এরশাদ। তিনি মনে করেন, স্বাধীনতা-উত্তর বাংলাদেশে এত বড় রাজনৈতিক সংকট ইতিপূর্বে আর কখনো হয়নি। তাই হিংসা বা জেদ বাদ দিয়ে সংকটমোচনের আলোচনায় এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে এরশাদ লিখেছেন, ‘প্রকৃতিতে যখন মহাবিপর্যয় নেমে আসে, তখন শত্রু-মিত্র একসঙ্গে কেবল বাঁচার প্রার্থনায় একাকার হয়ে যায়। যে কারণেই হোক না কেন, দেশে এখন বিপর্যয় নেমে এসেছে। তার ত্রুটি-বিচ্যুতির কথা না-হয় এই মুহূর্তের জন্য ভুলে গেলাম। সবার আগে জনগণের শান্তি, নিরাপত্তা, দেশের অর্থনীতি, গণতন্ত্রের ভবিষ্যতের কথা চিন্তা করে আসুন আমরা সবাই এই পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় বের করি।’ তিনি বলেন, ‘আলোচনায় বসুন। আমার বিশ্বাস, আপনার আহ্বানে সবাই সাড়া দেবেন। যদি কেউ না আসেন, তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। এই মুহূর্তে আপনার অবস্থান থেকে এই উদ্যোগ জরুরি।’পৃথক চিঠিতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে আলোচনায় বসার অনুরোধ জানিয়ে এরশাদ লিখেছেন, ‘শান্তির পথে উদ্যোগ নিয়ে ইতিহাসে সমৃদ্ধ হয়ে থাকুন। দিশেহারা জাতি একান্তভাবে কামনা করছে, আপনারা প্রধান দুটি দলের দুই সম্মানিত নেত্রী একত্রে বসুন। আমিও আপনাদের পাশে থাকব। কত ত্যাগ, কত বলিদান আর কত বিসর্জনের মধ্য দিয়ে আমরা যে অর্জন করেছি—সেই স্বাধীনতা, গণতন্ত্র, সৌহার্দ্য ও সম্প্রীতির স্বর্ণোজ্জ্বল ইতিহাস শুধুমাত্র হিংসার রাজনীতির কালিমা দিয়ে ঢেকে দিতে পারি না।’সাবেক এই রাষ্ট্রপতি বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসনকে লিখেছেন, ‘আপনার দেশপ্রেম আমার কাছে প্রশ্নাতীত। সেই বিশ্বাস ও আস্থা থেকেই দলীয় গণ্ডি পেরিয়ে আপনার কাছে নিবেদন করছি, আসুন, এবার বিগত দিনের তিক্ততা মুছে দিয়ে এবং ভুলে গিয়ে দেশে বিরাজমান সংকট উত্তরণের উপায় খুঁজে বের করি। আর সেই উদ্যোগটা আসুক সবার আগে আপনার পক্ষ থেকেই।’ জাতীয় পার্টির নীতিনির্ধারণী পর্যায়ের একটি সূত্র জানায়, দুই নেত্রীকে কেবল চিঠি দিয়েই দলটি চুপ থাকবে না। এ ব্যাপারে দুই নেত্রীর মতামত নেওয়ারও চেষ্টা করা হবে। দুই নেত্রীকে আলোচনায় বসানো এবং একটা কার্যকর সংলাপ আয়োজনে এরশাদ চেষ্টা চালিয়ে যাবেন। জানতে চাইলে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও এরশাদের রাজনৈতিক সচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু প্রথম আলোকে বলেন, সংঘাত থেকে পরিত্রাণের একমাত্র উপায় সংলাপ। এ জন্য জাতীয় পার্টির চেষ্টা অব্যাহত থাকবে।