দুই নেত্রীকে ফিরিয়ে আনা ছিল সন্ধিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতিতে ফিরতে দিয়ে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার একটি সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। এর ফলে এই দুই নারীকে রাজনৈতিক দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়ার সরকারি নীতিটি দুর্বল হয়ে গেল।’ভারতের রাজধানী দিল্লিতে মার্কিন দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা টেড ওসিয়াসের সঙ্গে ভারতের পররাষ্ট্র দপ্তরের যুগ্ম সচিব মোহন কুমার ও দিল্লির ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টা আলেক্স হল-হলের বৈঠক হয় ২০০৭ সালের ২৬ এপ্রিল। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে। পরদিন ২৭ এপ্রিল বৈঠকের বিস্তারিত বিষয় উল্লেখ করে ওয়াশিংটনে একটি তারবার্তা পাঠান মার্কিন কূটনীতিক টেড ওসিয়াস। ‘বাংলাদেশ অ্যাট ক্রসরোড/সিটিজি/মিলিটারি/হাসিনা-খালেদা’ শিরোনামের গোপন ওই তারবার্তাটি প্রকাশ করে দিয়েছে উইকিলিকস।তত্ত্বাবধায়ক সরকার, হাসিনা ও খালেদাফাঁস হওয়া নথি অনুযায়ী, ওই বৈঠকে ভারতীয় কূটনীতিক হাসিনা-খালেদাকে ফিরিয়ে আনার বিষয়টি উল্লেখ করে বলেন, ‘এখন প্রশ্ন হলো, হারানো অবস্থান ফিরে পাওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন পিছিয়ে দেবে কি না অথবা নিজের ক্ষমতা সংহত করে দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকার চেষ্টা করবে কি না।’এ পর্যায়ে তৃতীয় একটি সম্ভাবনার কথাও তোলেন মোহন কুমার। তিনি বলেন, ‘সামরিক বাহিনী অথবা দুই নারীর কোনো একজন গণ-অসন্তোষ সৃষ্টি করবেন। আর একেই অজুহাত হিসেবে ব্যবহার করে সেনাবাহিনী রাজনৈতিক ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে নেবে।’ অবশ্য তিনি (মোহন কুমার) স্বীকার করেন, সে রকম কোনো সামরিক অভ্যুত্থানের সম্ভাবনা তিনি দেখছেন না।অপর দুই কূটনীতিকের উদ্দেশে মোহন কুমার বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের কাছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতের পক্ষ থেকে একটি মূল বার্তা পাঠানোর বিষয়ে একমত হওয়ার এখনই সেরা সময়। এতে নির্বাচন অনুষ্ঠান ও ভোটার তালিকা সংস্কার এবং সেনাবাহিনীকে রাজনীতির বাইরে রাখার বিষয়টি পরিষ্কার করে জানিয়ে দেওয়া হবে।’এ পর্যায়ে ব্রিটিশ কূটনীতিক হল-হল মন্তব্য করেন, ‘পুরো বিষয়টি বাংলাদেশি জনগণের অদৃশ্য রাখতে সব ধরনের সমন্বয় প্রয়োজন। গোপনে কোনো ষড়যন্ত্র চলছে এমন ধারণা যাতে কেউ না করতে পারে, সে জন্য এটা দরকার।’ফখরুদ্দীন হুকুম তামিলকারী মাত্রনথি অনুযায়ী, বৈঠকে মোহন কুমার জানান, বাংলাদেশে নির্বাচনের সময়সীমা নিয়েই ভারত বেশি চিন্তিত।’ তাঁর বিশ্লেষণ, ‘তত্ত্বাবধায়ক সরকার দুর্বল হয়ে গেছে। নির্বাচন ২০০৮ সালের প্রথম ভাগে নিয়ে গেলে তত্ত্বাবধায়ক সরকার লাভবান হবে।’এ প্রসঙ্গে মোহন কুমার জানান, ২০০৭ সালের ৪ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফখরুদ্দীন আহমদের বৈঠক হয়। বৈঠকের ধারাবিবরণী গ্রহণ করেছিলেন তিনি নিজেই। তখন তাঁর ধারণা হয়, ফখরুদ্দীন আহমদের নিজের কিছু করার ক্ষমতা নেই। সরকারের ওপর তাঁর কোনো নিয়ন্ত্রণ নেই। ‘ফখরুদ্দীন সামরিক বাহিনীর রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার হুকুম তামিলকারী মাত্র।’মোহন কুমার জানান, মনমোহনের সঙ্গে বৈঠকে ফখরুদ্দীন ভারতকে কোনো সুস্পষ্ট প্রতিশ্রুতি দিতে ব্যর্থ হন। এমনকি তাঁর সরকারের নীতিও তিনি পরিষ্কারভাবে জানাতে পারেননি।ভারতের বাণিজ্যিক স্বার্থবাংলাদেশে ভারতের বাণিজ্যিক স্বার্থ নিয়েও মার্কিন, ব্রিটিশ ও ভারতীয় কূটনীতিকের ওই বৈঠকে আলোচনা হয়। মার্কিন কূটনীতিক তাঁর দেশকে জানান, মোহন কুমার বলেছেন, বাংলাদেশের অর্থনীতি এবং বাণিজ্য ভারতের জন্য মুক্ত করে দিতে দেশটির (বাংলাদেশ) ওপর চাপ সৃষ্টি করে ভারতকে সহযোগিতা করতে পারে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তিনি (মোহন) জানান, টাটাসহ অন্যান্য ভারতীয় কোম্পানি বাংলাদেশের শিল্প ও বাণিজ্যের বাজারে প্রবেশের জন্য চেষ্টা করে যাচ্ছে। তবে টাটার বিষয়টি ঝুলিয়ে রেখেছে তত্ত্বাবধায়ক সরকার। এ বিষয়ে কথা বলতে মোহন কুমার এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রতিনিধির সঙ্গে দেখা করেছেন।