দুই নেত্রীকে সংলাপে বসানোর বিকল্প নেই
সুষ্ঠু নির্বাচন করা এবং রাজনৈতিক সংঘাত এড়ানোর জন্য দুই নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে সংলাপে বসানোর কোনো বিকল্প নেই। আজ শনিবার বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ত্রয়োদশ জাতীয় সম্মেলনে বক্তারা এ কথা বলেছেন। সুপ্রিম কোর্ট চত্বরে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক। তিনি বলেন, ‘বিএনপি বলছে তত্ত্বাবধায়ক সরকার দরকার। আওয়ামী লীগ বলছে নির্বাচনের সময় অন্তর্বর্তীকালীন সরকার থাকবে। কিন্তু এই দুই সরকারের রূপরেখাটা কী, সেটা নিয়ে কোনো দলই স্পষ্ট করে কিছু বলছে না। কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমরা তাদের প্রস্তাবিত সরকারের রূপরেখা সম্পর্কে জানতে চাই। সে জন্য যে কোনো উপায়ে দুই নেত্রীকে সংলাপে বসাতে হবে। প্রয়োজনে এমন জনমত বা পরিবেশ তৈরি করতে হবে, যাতে তাঁরা বসতে বাধ্য হন।’ রফিক-উল হক বলেন, যে সরকার ক্ষমতায় আছে, তারা নির্বাচন করলে সেটা গ্রহণযোগ্য হবে না। দুই দলের আলোচনার মাধ্যমে সরকার গঠন করে নির্বাচন দিলে, সেটা গ্রহণযোগ্য হবে। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানবাধিকার সংস্থার প্রতিষ্ঠাতা নাজমুল হুদা। এতে তিনি অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে তাঁর নিজস্ব রূপরেখা তুলে ধরেন। তাতে বলা হয়েছে, সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী সাত দিনের মধ্যে দুই নেত্রী মতৈক্যের ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠন করবেন এবং ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। সংসদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার ৯০ দিন আগে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে সংলাপে বসার আহ্বান জানাবেন। প্রধানমন্ত্রীর আহ্বানে বিরোধীদলীয় নেতা সাড়া না দিলে জাতির ক্ষয়ক্ষতির দায়দায়িত্ব তাঁকে বহন করতে হবে। আর প্রধানমন্ত্রী যদি বিরোধীদলীয় নেতাকে আহ্বান না জানান, তবে সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে ঐক্যবদ্ধভাবে দুই নেত্রীর পতনের আন্দোলন শুরু করতে হবে। নাজমুল হুদার রাজনৈতিক প্রস্তাবের সমালোচনা করে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নুল আবেদীন বলেন, এই সম্মেলন মানবাধিকারবিষয়ক আলোচনায় সীমাবদ্ধ থাকা উচিত। অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক স ম রেজাউল করিম বলেন, মানবাধিকার জনগণের সাংবিধানিক অধিকার। এটিকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করা সম্ভব নয়। দুই নেত্রীকে সংলাপে বসানোর দাবিতে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালনের প্রস্তাব দেন আমাদের অর্থনীতি পত্রিকার সম্পাদক নাইমুল ইসলাম খান। সম্মেলনের সভাপতি ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি আসাফ উদ্দৌলাহ বলেন, ঘরে ঢুকে পুলিশ যখন-তখন যাকে-তাকে ধরে নিয়ে যাচ্ছে। এটা তো সংবিধান অনুমোদন করে না। এ বিষয়ে মানবাধিকারকর্মী ও মানুষকে সচেতন করতে হবে। সম্মেলনে আরও বক্তব্য দেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার মহাসচিব সিগমা হুদা, সংস্থার পরিচালক চাষী নজরুল ইসলাম এবং বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিনিধিরা। তাঁরা দুই নেত্রীর সংলাপের ওপর গুরুত্ব আরোপ করেন। এ ছাড়াও সম্মেলনে প্রতিবেদন আকারে সারা দেশের দুই বছরের মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরা হয়।