ঈদ ধর্মীয় উত্সব। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কিন্তু আমাদের নেতা-নেত্রীরা এই ধর্মীয় উত্সবকেও রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে চলেছেন, যা অত্যন্ত দুঃখজনক। ঈদের দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন এখন রেওয়াজে পরিণত হয়েছে। ক্ষমতায় থাকলে তাঁরা সরকারি বাসভবনে এবং বিরোধী দলে থাকলে দলীয় কার্যালয়ে বা অন্য কোনো ভবন ভাড়া করে এই সাড়ম্বর আয়োজন করে থাকেন। এই আয়োজনের অর্থে অন্তত কয়েক শ দুস্থ পরিবারের পুনর্বাসন সম্ভব। নেতা-নেত্রীদের গণসংবর্ধনার সুযোগে দলীয় সমর্থক-শুভানুধ্যায়ী ছাড়াও কিছু সাধারণ মানুষ দেশের দুই প্রধান রাজনৈতিক দলের নেত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পান। এতে দোষের কিছু নেই। কিন্তু এই আয়োজনকে কেন্দ্র করে ঈদের দিনেও দৃষ্টিকটুভাবে যে দলীয় রাজনীতির মহড়া চলে তা দেশবাসীকে হতাশ না করে পারে না। এই দিনটিতেও শীর্ষ দুই নেত্রী আমাদের রাজনীতির পাঠ দিতে ভোলেন না। পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা দুই নেত্রীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যাবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু বিভাজনের রাজনীতিটা এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে, বিদেশি কূটনীতিক ছাড়া এমন কাউকে পাওয়া যাবে না, যাঁরা দুই অনুষ্ঠানেই যান। এক নেত্রীর অনুষ্ঠানে গেলে অপর নেত্রী তা সুনজরে দেখেন না। ফলে আমরা টেলিভিশনে ছবি দেখার আগেই বলে দিতে পারি, নাগরিক সমাজের কোন প্রতিনিধি কোনো নেত্রীর অনুষ্ঠানে যাবেন।এবারে ঈদের আগে দেশের সড়ক-মহাসড়কের বেহাল অবস্থা নিয়ে তুলকালাম-কাণ্ড ঘটেছে। বিশেষ করে মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরের মৃত্যু নাগরিক সমাজকে যারপরনাই বিক্ষুব্ধ করেছে। ঈদের দিন তারা শহীদ মিনারে সমাবেশ করে যোগাযোগ মন্ত্রীর পদক ও নিরাপদ সড়কের দাবিতে সমাবেশ করেছে। দুই নেত্রীর ঈদে শুভেচ্ছা বিনিময়ে এর রেশ থাকাটাই স্বাভাবিক।রমজানের ওই রোজার শেষে শাওয়াল মাসের চাঁদ সবার জীবনে আনন্দের বার্তা নিয়ে আসে। সবাই মিলে ঈদের আনন্দ ভাগ করে নেয়, পরস্পরকে সম্প্রীতির বন্ধনে গেঁথে নেয়। কিন্তু আমাদের দেশ ও রাজনীতির নিয়ন্ত্রক যাঁরা তাঁদের কণ্ঠে সম্প্রীতির চেয়ে বৈরিতাই বেশি ফুটে ওঠে। গণভবনে আয়োজিত শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সরকার রাস্তাঘাট ঠিক করে দেওয়ায় এবারে মানুষ বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে ঈদ করতে পেরেছে। দেশের মানুষ শান্তিতে আছে। মানুষ ভালো আছে এটি যাঁদের পছন্দ নয়, তাঁরাই আন্দোলনের কর্মসূচি দেওয়ার কথা বলছেন। দেশের মানুষ ভালো থাকুক সেটা তাঁদের পছন্দ নয়।’লেডিস ক্লাবে আয়োজিত বিএনপির শুভেচ্ছা বিনিময়ে বিরোধী দলের নেতা খালেদা জিয়া বলেছেন, ‘দেশের মানুষ কষ্টে আছে। তাদের মনে ঈদের আনন্দ নেই। আমরা কথা দিয়েছিলাম ঈদের পরে কঠোর কর্মসূচি দেব। দেশের যে অবস্থা তাতে ৭৪-এর কথাই মনে করিয়ে দেয়। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছি না, জালিম সরকারের কাছ থেকে দেশের মানুষকে মুক্ত করার জন্য আন্দোলনের কর্মসূচি দেব। দেশের মানুষ আন্দোলনের জন্য প্রস্তুত।’দেশে পাল্টাপাল্টির এই রাজনীতি চলে আসছে বহু বছর থেকে। যে দল যখন ক্ষমতায় থাকে তাঁরা নিজেদের সাচ্চা দেশপ্রেমিক ও জনদরদি প্রমাণ করতে সচেষ্ট থাকেন। আবার যাঁরা বিরোধী দলে থাকেন তাঁরা মনে করেন, প্রতিপক্ষের শাসনে দেশ রসাতলে যেতে বসেছে। দেশ রক্ষা করতে হলে অবিলম্বে তাঁদের ক্ষমতায় আসার বিকল্প নেই। তা ক্ষমতা নিয়ে যত পারুন রাজনীতি করুন। কিন্তু এই ঈদকে নিয়েও রাজনীতি করতে হবে? কেন একে অপরের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়াতে হবে? বড়দের কথা বাদ দিলাম শিশু কিশোরেরা—যাঁরা ঈদের দিনে টেলিভিশনের সামনে বসে থাকেন, তাঁরা নেতা-নেত্রীদের কণ্ঠে এ সব কথা শুনে কি উপলব্ধি করবে (তবে একটি বিকল্প ব্যবস্থা করতে পারেন, নেতা-নেত্রীরা যখন কথা বলবেন, তখন টেলরে লেখা থাকবে ছোটদের দেখতে মানা, কেবল বড়দের জন্য’)?দুই নেত্রীর অনুষ্ঠানে অভিন্ন অতিথি যদি কেউ থেকে থাকেন, তাঁরা বিদেশি কূটনীতিক। তারাই বা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে কি ধারণা করবেন? (এখন অনেক বিদেশি কূটনীতিক বাংলা শিখছেন, অতএব নেত্রীরা বাংলায় কথা বলেন বলে বিদেশিরা বুঝতে পারবেন না সে কথা বলার উপায় নেই) সারা বছর নেতা-নেত্রীরা যত খুশি রাজনীতি করুন। কিন্তু এই উত্সবের দিনটিতে রাজনীতি বন্ধ রাখুন। মানুষের নির্মল আনন্দে ব্যাঘাত ঘটাবেন না। তাদের জীবনে দুঃখ আছে, বেদনা আছে, কষ্ট আছে। তারপরও বছরের এই দুই-একটি দিন তারা রাজনীতি ভুলে স্বজনের সঙ্গে বিমল আনন্দে কাটাতে চায়। দয়া করে সেই সুযোগটি দিন। ধর্ম নিয়ে রাজনীতি নয়, ধর্মীয় উত্সবের দিনেও রাজনীতি ঝগড়া পরিহার করুন। দেশ ও দেশের মানুষকে একটু শান্তি ও স্বস্তিতে থাকতে দিন। পাদটীকা: এবারের ইদের দিন শহীদ মিনারে বিক্ষুব্ধ নাগরিকরা সমাবেশ করেছেন। এই সমাবেশ থেকে যেসব দাবি এসেছে তার সঙ্গে কেউ দ্বিমত করার কিছু নেই। তবে এই সমাবেশকেও ভালো চোখে দেখেনি ক্ষমতাসীন মহল। তাদের কেউ কেউ বাঁকা কথা বলেছেন। কেউ বলেছেন, গান্ধীর মতো খদ্দর পরলেই নাকি আন্না হাজারে হওয়া যায় না। তাঁদেরকে সবিনয়ে একটি প্রশ্ন করতে চাই—গায়ে মুজিব কোট চাপলেই কি বঙ্গবন্ধু হওয়া যায়? বঙ্গবন্ধুর রাজনীতি নিয়ে অনেকেই সমালোচনা করতে পারেন। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি তাঁর ব্যক্তিগত আচরণ, সহমর্মিতা ও সৌজন্যবোধ আজও উদাহরণ হয়ে আছে। মুজিব কোটধারীদের অনুরোধ করব, কেবল পোশাকে নয়, তাঁর রাজনৈতিক আদর্শ ও ব্যক্তিগত শিষ্টাচার অনুসরণ করুন।লেখক প্রথম আলোর সহযোগী সম্পাদক