দুই নেত্রীর জবাবের অপেক্ষায় এরশাদ
সংলাপে বসার অনুরোধ জানিয়ে দুই নেত্রীর কাছে দেওয়া চিঠির জবাবের অপেক্ষায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তাঁরা কী জবাব দেন, তা দেখে তিনি পরবর্তী পদক্ষেপ নেবেন।জাতীয় পার্টির শীর্ষস্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ ও বিএনপির কাছ থেকে আজ-কালের মধ্যে সাড়া না পেলে নববর্ষের পর জাতীয় পার্টির নেতৃত্বের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া বা তাঁদের দলের শীর্ষ পর্যায়ে যোগাযোগ করা হবে। দলীয় নেতৃত্ব আশা করছে, দুই দল থেকেই ইতিবাচক সাড়া পাওয়া যাবে।জাতীয় পার্টির নেতারা জানান, এইচ এম এরশাদের চিঠির পর আওয়ামী লীগের পরিবর্তন লক্ষ করা গেছে। এরই মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আলোচনার পক্ষে মত দিয়েছেন। তাঁরা আশা করছেন, বিএনপিও সংলাপে সাড়া দেবে। কারণ, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংলাপের বিকল্প নেই।জাতীয় পার্টির উচ্চ পর্যায়ের সূত্র জানায়, দু-এক দিনের মধ্যে জবাব না পেলে নববর্ষের পর আরেক দফা মহাসচিব পর্যায়ে চিঠি দেওয়া হতে পারে। তা ছাড়া সাধারণ সৌজন্যতায় হলেও চিঠির উত্তর আশা করছে জাতীয় পার্টির নেতৃত্ব।দলীয় নেতারা জানান, দুই নেত্রীর কাছ থেকে সংলাপের ব্যাপারে ইতিবাচক সাড়া না পেলে জাতীয় পার্টি জনমত সৃষ্টির জন্য মাঠে নামবে। গোলটেবিল বৈঠকসহ সমাজের নানা শ্রেণী-পেশার মানুষের সঙ্গে দলীয়ভাবে মতবিনিময় করা হবে। জনমত সৃষ্টির মাধ্যমে দুই নেত্রীর ওপর সংলাপে বসতে চাপ সৃষ্টি করা হবে। জাতীয় পার্টি আন্তরিকভাবেই এ প্রক্রিয়া এগিয়ে নিতে চায়।জানতে চাইলে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও এইচ এম এরশাদের রাজনৈতিক সচিব জিয়াউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা জবাবের অপেক্ষায় আছি। এ প্রক্রিয়াকে সফলতার দিকে নিয়ে যেতে চাই।’এরশাদের চিঠি সম্পর্কে আওয়ামী লীগের উচ্চপর্যায়ে খোঁজ নেওয়া হলে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিঠিটি পেয়েছেন। এ ব্যাপারে দলীয় পর্যায়ে কোনো আলোচনা হয়নি। তবে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, এরশাদের চিঠির জন্য নয়, দলীয়ভাবে তাঁরা বিরোধী দলের সঙ্গে আলোচনায় আগ্রহী। বিএনপি সম্মত হলে তাঁরা আলোচনায় প্রস্তুত।বিএনপির উচ্চপর্যায়ে খোঁজ নিয়ে জানা যায়, এইচ এম এরশাদের চিঠি বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া পেয়েছেন। তাঁর চিঠির ব্যাপারে দলীয়ভাবে আলোচনা হয়েছে। এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর সদিচ্ছা থাকলেই সংলাপ সম্ভব।৭ এপ্রিল রাতে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীকে সংলাপে বসার অনুরোধ জানিয়ে চিঠি লেখেন।