দুই পক্ষই মারমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি নেই প্রায় চার বছর। বছর খানেক আগে আহ্বায়ক কমিটি গঠনের পর দ্বন্দ্ব প্রকাশ্য হয়ে এখন দুই পক্ষই মারমুখী অবস্থান নিয়েছে। এ ছাড়া জেলার আট উপজেলার তিনটিতে কমিটি রয়েছে দুটি করে।দলীয় সূত্র জানায়, বর্তমানে এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন। অপর পক্ষে আছেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শিরিন ভরসা। সর্বশেষ গত স্বাধীনতা দিবস উপলক্ষে ৩০ মার্চ শহরের পায়রা চত্বরে মোজাফফর হোসেনের পক্ষ সমাবেশ আহ্বান করে। পরে শিরিন ভরসার পক্ষ একই স্থানে পাল্টা সমাবেশ আহ্বান করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়।এদিকে জেলার গঙ্গাচড়া, মিঠাপুকুর ও পীরগঞ্জ উপজেলায় সম্মেলন করা নিয়ে সম্প্রতি দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ফলে, সম্মেলন পণ্ড হয়। পরে তিন উপজেলায়ই দুই পক্ষ আলাদা করে আহ্বায়ক কমিটি ঘোষণা করে।গঙ্গাচড়া উপজেলায় এক পক্ষের আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বলেন, আগের কমিটি বহাল রেখে দলের নেতা-কর্মীদের না জানিয়ে আরেকটি আহ্বায়ক কমিটি গঠন করায় দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নেয়। অপর পক্ষের আহ্বায়ক এরশাদুল হকের দাবি, নতুন আহ্বায়ক কমিটি সম্মেলন আহ্বান করলে একটি পক্ষ তা পণ্ড করে দেয়।মিঠাপুকুর উপজেলা বিএনপির আহ্বায়ক দাবিদার বদরুল ইসলাম ও শাহ মো. শাহজাহান। প্রকৃত নেতা-কর্মীদের বাদ দিয়ে গোপনে নতুন কমিটি গঠন করা হলে দ্বন্দ্ব দেখা দেয় বলে উল্লেখ করেন শাহজাহান। অপর দিকে বদরুল দাবি করেন, তিনিই উপজেলা বিএনপির বৈধ আহ্বায়ক।পীরগঞ্জ উপজেলায় এক পক্ষের আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে দলে আছি। কিন্তু উড়ে এসে জুড়ে বসেছেন জাতীয় পার্টি থেকে আসা সাবেক সাংসদ নূর মোহাম্মদ মণ্ডল।’ এমন মন্তব্য উড়িয়ে দিয়েছেন অপর পক্ষের আহ্বায়ক নূর মোহাম্মদ। তাঁর দাবি, কেন্দ্র থেকে তাঁকেই উপজেলা বিএনপির দায়িত্ব দেওয়া হয়েছে।এদিকে মাঠপর্যায়ের নেতা-কর্মীদের অভিযোগ, এমন দ্বন্দ্বের ফলে জেলা বিএনপির রাজনীতিতে স্থবিরতা দেখা দিয়েছে। তৃণমূলের কর্মী-সমর্থকেরা হতাশ হয়ে পড়ছেন। এই দ্বন্দের কারণে জেলার কোথাও পূর্ণাঙ্গ কমিটি করা আর সম্ভব হচ্ছে না।শহরের গ্র্যান্ড হোটেলের মোড়ে জেলা বিএনপির কার্যালয়। দিনের বেশির ভাগ সময় কার্যালয়টি বন্ধ থাকে; সন্ধ্যার পর খোলা হয়। সম্প্রতি এক সন্ধ্যায় ওই কার্যালয়ে গিয়ে কয়েকজন নেতা-কর্মীকে আলোচনা করতে দেখা যায়। তাঁদের কাছ থেকে জানা গেল, মোজাফফর হোসেনের পক্ষের লোকজন যখন এই কার্যালয়ে আসেন, তখন শিরিন ভরসার পক্ষের কেউ সেখানে থাকেন না। আবার শিরিন ভরসার পক্ষের লোকজন যখন আসেন, তখন মোজাফফরের পক্ষের কেউ থাকেন না।জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে আছি। কিন্তু যারা দীর্ঘদিন দলে থেকেও কার্যক্রমের সঙ্গে ছিল না, তারাই এখন নেতৃত্বে আসার চেষ্টা করছে।’ কেন্দ্র থেকে এই প্রবণতাকে উৎসাহ দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।যোগাযোগ করা হলে মোজাফফর হোসেন প্রথম আলোকে বলেন, এ সময় সরকারবিরোধী আন্দোলন হওয়ার কথা। অথচ দলের মধ্যে কাদা-ছোড়াছুড়ি চলছে। এতে দলের নেতা-কর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়ছেন।শিরিন ভরসা বলেন, ‘দলে একটু-আধটু দ্বন্দ্ব তো থাকতেই পারে। তবে আমরাই দলের মূল স্রোতের নেতা-কর্মী।’