দুই পক্ষের সংঘর্ষে বরিশাল বিএনপির কমিটি গঠন স্থগিত
ঢাকার নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বরিশাল মহানগর বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতি আর সংঘর্ষের কারণে কমিটি গঠন করা সম্ভব হয়নি। আজ শনিবার এ ঘটনা ঘটে। ফলে সংঘর্ষ এড়াতে ঢাকায় এনে কমিটি গঠনের উদ্যোগও শেষ পর্যন্ত ব্যর্থ হলো।কমিটি গঠনকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষের কারণে বরিশালের অন্তত তিনজন নেতা আহত হয়েছেন। আহতরা হলেন বরিশাল মহানগর যুবদল সভাপতি রফিকুল ইসলাম শাহীন এবং ছাত্রদলের মুরাদ ও মাসুদ নামে দুই কর্মী। তাঁরা ঢাকার দুটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন।বিএনপির কেন্দ্রীয় কয়েকজন নেতা জানান, দীর্ঘদিন ধরে বরিশাল মহানগর বিএনপিতে কোন্দল রয়েছে। সাবেক মেয়র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান সারোয়ার ও কেন্দ্রীয় নেতা আহসান হাবিব কামালের মধ্যে দ্বন্দ্বের কারণে দলের এই সাংগঠনিক জেলার কমিটি গঠন সম্ভব হচ্ছিল না। মাহমুদ সালেক মহানগর বিএনপির আহ্বায়ক হলেও তাঁকে সারোয়ারের অনুসারী বলে মনে করা হয়।কয়েক দিন আগে বিএনপি চেয়ারপারসন দলের যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানকে কমিটি গঠনের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে দুই পক্ষকে ঢাকায় ডেকে এনে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। আজ শনিবার সকাল ১০টার দিকে দুই পক্ষের উপস্থিতিতে গোপন ভোটের মাধ্যমে কমিটি গঠনের কাজ শুরু হয়।প্রত্যক্ষদর্শী কয়েকজন বিএনপি নেতা প্রথম আলোকে জানান, কমিটি গঠনের কারণে দুই পক্ষের সমর্থকেরাই সকাল থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় বেলা দুইটার পরে আমানউল্লাহ আমানের উপস্থিতিতে ভোটগ্রহণ চলাকালে একজন ভোটারের ব্যাপারে আপত্তি তোলেন সারোয়ার পক্ষ। তাঁরা ওই ভোটারকে ছাত্রদলের উল্লেখ করে ভোট দিতে বাধা দেন।এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। বরিশালের নেতারা টেবিলে থাকা পিরিচ ও গ্লাস ছোড়াছুড়ি শুরু করেন। এতে রফিকুল ইসলাম আহত হন। এ অবস্থায় ভোটগ্রহণ বন্ধ হয়ে যায়। কমিটি গঠন শেষ না করেই আমানউল্লাহ আমান কার্যালয় থেকে বেরিয়ে যান।আমান সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগ সারা দেশে বিএনপির ওপর হামলা-মামলা চালাচ্ছে। এখানে যা ঘটেছে, তা আওয়ামী ষড়যন্ত্রেরই অংশ।’ তিনি আরও বলেন, এ ঘটনার জন্য বহিরাগতরাই দায়ী।দ্বিতীয় দফা সংঘর্ষ: প্রথম দফা সংঘর্ষের পর কার্যালয়ের বাইরে অবস্থান নেয় আহসান হাবিব কামালের অনুসারীরা। আর মুজিবুর রহমান সারোয়ারের পক্ষের নেতা-কর্মীরা কার্যালয়ের ভেতরে অবস্থান নেন। বাইরে দাঁড়িয়ে থাকা আহসান হাবিবের সমর্থকেরা সারোয়ার পক্ষের নেতাদের সাহস থাকলে নিচে নামার জন্য বললে আবারও নতুন করে উত্তেজনা শুরু হয়।বিকেল পাঁচটার পর আহসান হাবিবের পক্ষের ১০ থেকে ১২ জন সমর্থক সারোয়ারের সমর্থকদের ওপর হামলা চালান। এতে সারোয়ারের সমর্থক বরিশাল ছাত্রদলের দুজন কর্মী মুরাদ ও মাসুদ আহত হন।