দুই পক্ষের সংঘর্ষে বরিশাল বিএনপির কমিটি গঠন স্থগিত
ঢাকায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বরিশাল মহানগর বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতি আর সংঘর্ষের কারণে কমিটি গঠন করা সম্ভব হয়নি।ফলে সংঘর্ষ এড়াতে ঢাকায় এনে কমিটি গঠনের উদ্যোগও শেষ পর্যন্ত ব্যর্থ হলো। কমিটি গঠনকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষের কারণে বরিশালের অন্তত তিনজন নেতা গুরুতর আহত হয়েছেন।আহত ব্যক্তিরা হলেন বরিশাল মহানগর যুবদলের সভাপতি রফিকুল ইসলাম এবং ছাত্রদলের মুরাদ ও মাসুদ নামের দুজন কর্মী। তাঁরা ঢাকার দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তবে স্থানীয় নেতারা দাবি করেছেন, এই ঘটনায় ১০ জনেরও বেশি নেতা-কর্মী আহত হয়েছেন।কেন্দ্রীয় বিএনপির কয়েকজন নেতা জানান, দীর্ঘদিন ধরে বরিশাল মহানগর বিএনপিতে কোন্দল রয়েছে। সাবেক মেয়র ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান সরোয়ার এবং কেন্দ্রীয় নেতা আহসান হাবিব কামালের মধ্যে দ্বন্দ্বের কারণে দলের এই সাংগঠনিক জেলার কমিটি গঠন সম্ভব হচ্ছিল না। মহানগর বিএনপি আহ্বায়ক মাহমুদ সালেককে সরোয়ারের অনুসারী বলে ধরা হয়।কয়েক দিন আগে বিএনপি চেয়ারপারসন দলের যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমানকে কমিটি গঠনের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে বরিশালের বিবদমান দুই পক্ষেকে ঢাকায় ডেকে এনে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। গতকাল সকাল ১০টায় দুই পক্ষের উপস্থিতিতে গোপন ভোটের মাধ্যমে কমিটি গঠনের কাজ শুরু হয়।প্রত্যক্ষদর্শী বিএনপির কয়েকজন নেতা প্রথম আলোকে বলেন, কমিটি গঠনের কারণে দুই পক্ষের সমর্থকেরাই সকাল থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় বেলা দুইটার পর আমানউল্লাহর উপস্থিতিতে ভোট গ্রহণ চলাকালে একজন ভোটারের ব্যাপারে আপত্তি তোলে সরোয়ার পক্ষ। তারা ওই ভোটারকে ছাত্রদলের উল্লেখ করে ভোট দিতে বাধা দেয়। এ নিয়ে কথাকাটাকাটির এক ফাঁকে হাতাহাতি শুরু হয়। টেবিলে থাকা পিরিচ, গ্লাস ছোড়াছুড়ি শুরু করেন বরিশালের নেতারা। এতে রফিকুল ইসলাম আহত হন। এ অবস্থায় ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। কমিটি গঠন শেষ না করেই আমানউল্লাহ কার্যালয় থেকে বেরিয়ে যান।আমানউল্লাহ সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সারা দেশে বিএনপির ওপর হামলা-মামলা চালাচ্ছে। এখানে যা ঘটেছে, তা আওয়ামী ষড়যন্ত্রেরই অংশ। তিনি বলেন, এ ঘটনার জন্য বহিরাগত ব্যক্তিরাই দায়ী।দ্বিতীয় দফা সংঘর্ষ: প্রথম দফা মারামারির পর কার্যালয়ের ভেতর থেকে বেরিয়ে বাইরে অবস্থান নেন আহসান হাবিব কামালের অনুসারীরা। আর মুজিবর রহমান সরোয়ারের পক্ষের নেতা-কর্মীরা কার্যালয়ের ভেতরে অবস্থান করছিলেন। আহসান হাবিবের সমর্থকেরা বাইরে দাঁড়িয়ে সরোয়ার পক্ষের নেতাদের সাহস থাকলে নিচে নামার জন্য বললে আবার নতুন করে উত্তেজনা শুরু হয়। বিকেল পাঁচটার পর আহসান হাবিবের পক্ষের ১০-১২ জন সমর্থক সরোয়ারের সমর্থকদের ওপর হামলা চালান। এতে সরোয়ারের সমর্থক বরিশাল ছাত্রদলের কর্মী মুরাদ ও মাসুদ আহত হন।যোগদান কর্মসূচি স্থগিত: সংঘর্ষের ঘটনার পর বরগুনা উপজেলা চেয়ারম্যানের বিএনপিতে যোগদানের কর্মসূচি স্থগিত করা হয়েছে। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে গতকাল রাত আটটায় এই অনুষ্ঠান হওয়ার কথা ছিলো।