দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক আটক, ক্যাম্পাসে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তার ও সিগারেটের ধোঁয়া গায়ে লাগাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে আজ শনিবার গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আওয়াল কবির এবং সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামের সমর্থকদের মধ্যে এই গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় চিকিত্সাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।সংঘর্ষের পর আজ বিকেল থেকে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি করাসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে ইন্ধন জোগানোর দায়ে মাজেদুল ইসলাম আটক হয়েছেন। আজ সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে তাঁকে আটক করে রাজপাড়া থানা পুলিশ।প্রত্যক্ষদর্শী ও মতিহার থানার পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা আড়াইটার দিকে আওয়াল কবিরের পক্ষের সমর্থক নয়ন ক্যাম্পাসের টুকিটাকি চত্বরে বসে সিগারেট খাচ্ছিলেন। এ সময় সেখানে বসে থাকা মিন্টু নামের এক সাধারণ ছাত্রের গায়ে সিগারেটের ধোঁয়া লাগে। মিন্টু এ বিষয়টি সাধারণ সম্পাদক পক্ষের কর্মী ফারদিন ও রতনকে জানালে তাঁরা নয়নকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁরা বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন।পরে বিষয়টি নিয়ে আওয়াল কবির ও মাজেদুল ইসলাম সমঝোতায় বসেন। কিন্তু সমঝোতার আগেই উদ্ভূত বিষয়ে খবর পেয়ে বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের কর্মী সভাপতি পক্ষের সমর্থক আরিফ, ডিলস, মোস্তফা ও রকির নেতৃত্বে ২০ থেকে ৩০ জন চাইনিজ কুড়াল, চাপাতি, রামদা ও হকিস্টিকসহ ঘটনাস্থলে আসেন। এ সময় তাঁরা সেখানে উপস্থিত সাধারণ সম্পাদক পক্ষের সমর্থক ফারদিন, আজিজ ও তানিমকে ধাওয়া করে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের সামনের পয়োনালার মধ্যে ফেলে দেন। তাঁরা ফারদিন, আজিজ ও তানিমকে মারধর করেন। এতে তাঁরা আহত হন। পরে আহত ফারদিন, আজিজ ও তানিমকে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিত্সাকেন্দ্র এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এদিকে এ ঘটনার পর সাধারণ সম্পাদক পক্ষের নেতা-কর্মীরা বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাদার বখ্শ, শহীদ হবিবুর রহমান ও শহীদ শামসুজ্জোহা হলের সামনে অবস্থান নেন। এ খবর পেয়ে সভাপতি পক্ষের সমর্থক আলী রেজা ফারুক, পলাশ ও মোস্তফার নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি দল মাদার বখ্শ ও সোহরাওয়ার্দী হলের সামনে গিয়ে তাঁদের পুনরায় ধাওয়া করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ১০-১২ রাউন্ড গুলিবিনিময় হয়। এতে সভাপতি পক্ষের সমর্থক সংস্কৃত বিভাগের ছাত্র মেহেদী হাসান হাতে গুলিবিদ্ধ হন। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আওয়াল কবির অভিযোগ করে বলেন, সাধারণ সম্পাদকের উসকানি ও ইন্ধনের কারণেই তাঁর সমর্থকেরা এ ধরনের ঘটনা ঘটিয়েছেন।আটক হওয়ার আগে মাজেদুল ইসলাম এ ঘটনার জন্য আওয়াল কবিরসহ তাঁর পক্ষের সমর্থকদের দায়ী করেন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ বিকেল থেকে ক্যাম্পাসে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ ছাড়া ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, সংঘর্ষের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাজেদুল ইসলামকে আটক করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে তিনি জানান।