দুই পদের সুস্বাদু শীতের পিঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীতের ভরা মৌসুম। অতিথি আপ্যায়নে কিংবা পরিবার-পরিজনকে নিয়ে খাবারের তালিকায়ও মৌসুমভিত্তিক উপাদান থাকতে পারে। এতে খাবারে যেমন আসবে বৈচিত্র তেমনি বজায় থাকবে পুষ্টিও। আবহমান গ্রামবাংলার ঐতিহ্য বহন করে শীতের পিঠা। দুই পদের পিঠা তৈরি করতে অনুসরণ করতে পারেন এ প্রণালি—নারকেল পিঠাউপকরণ: নারকেল কোরানো দুই কাপ, মরচাগুড় আধা কাপ, চালেরগুঁড়া আড়াই কাপ ও পানি পরিমাণমতো। প্রণালি : গুড় ও নারকেল এক সঙ্গে মিশিয়ে অল্প আঁচে মাঝে মাঝে নেড়ে যখন আঠালো হয়ে পাত্র ছেড়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। চালেরগুঁড়া শুকনো খোলায় ভাজতে হবে। সুন্দর ভাজা গন্ধ বের হলে পাত্রটি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হলে পরিমাণমতো পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। বল আকারে ভাগ করে নিতে হবে। প্রত্যেক ভাগ দুহাতের আঙুল দিয়ে টিপে টিপে বাটির মতো করে নিয়ে নারকেল পোর দিয়ে মুখ বন্ধ করে দিতে হবে। এখন দেখতে অর্ধচন্দ্রাকার হবে। সবগুলো হলে ভাঁপে সিদ্ধ করে নিতে হবে। হান্দেশউপকরণ : চালেরগুঁড়া দুই কাপ, ময়দা এক কাপ, মরচাগুড় দুই থেকে আড়াই কাপ, সয়াবিন তেল (ভাজার জন্য) পরিমাণমতো, ভাজা মৌরি দুই চা চামচ ও পানি পরিমাণমতো। প্রণালি : চালেরগুঁড়া, ময়দা, মৌরি একসঙ্গে মিশিয়ে নিতে হবে। মরচাগুড় সামান্য গরম পানি মিশিয়ে ছেঁকে চালেরগুঁড়ার মিশ্রণে মিশিয়ে গোলা তৈরি করে চার-পাঁচ ঘণ্টা রেখে দিতে হবে। গোলা যেন বেশি ঘন বা পাতলা না হয়। গরম তেলে পরিমাণমতো গোলা দিতে হবে। গোলা ফুলে উঠলে উল্টিয়ে-পাল্টিয়ে নামিয়ে নিতে হবে।