দুই পলিটেকনিক বন্ধ ঘোষণা, আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদমর্যাদা পরিবর্তন করা হয়েছে—এমন গুজবে কয়েক দিন ধরে দেশের কয়েকটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধসহ যানবাহন ভাঙচুর করছেন। গতকাল শনিবারও কয়েকটি পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ঝিনাইদহ ও বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের হামলা ও সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে ঝিনাইদহ ও রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর আগে গত বৃহস্পতিবার বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট ২৮ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। গত বৃহস্পতিবার সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়, সরকার ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণীতে নামায়নি। এ ব্যাপারে গতকালও সরকার প্রেসনোট দিয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গতকাল রাস্তা আটকে বিক্ষোভ করেন। পরে মুঠোফোনে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানান, সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। এটি নিছক গুজব। শিক্ষাসচিবের আশ্বাসে তাঁরা শান্ত হন। এ ব্যাপারে কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘একটি গুজবের ভিত্তিতে ছাত্রছাত্রীরা আন্দোলন করছে। আবারও বলছি, ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদার কোনো পরিবর্তন করা হয়নি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’ আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: ঝিনাইদহ: ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা গতকাল ঝিনাইদহ-মাগুরা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। পরে তাঁরা পার্শ্ববর্তী বাস টার্মিনালে রাখা ছয়টি যানবাহন ভাঙচুর করেন। এ সময় পরিবহন শ্রমিকদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ বেধে যায়। পরে পুলিশ এসে লাঠিপেটা করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় দুই পুলিশসহ ২০ জন আহত হয়। এ ছাড়া চারজন ছাত্রকে আটক করা হয়েছে। পরে কর্তৃপক্ষ ২৮ মে পর্যন্ত পলিটেকনিক বন্ধ ঘোষণা করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। রংপুর: রংপুর পলিটেকনিক ইনস্টিটটিউট গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় রাতেই কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে শুক্রবারের ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবদুল ওয়াহেদ ৩০০ জন অজ্ঞাতনামা শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছেন। পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোসলেম উদ্দিন ইনস্টিটিউটটি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। বরগুনা: বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গতকাল বিক্ষোভ মিছিল ও বরগুনা-কাকচিড়া সড়ক অবরোধ করেন। এ সময় ছাত্ররা যানবাহন ভাঙচুর করেন। এতে বাসচালক আবু সালেহ ও শ্রমিক মো. রাসেলসহ পাঁচজন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় দুই ঘণ্টা অবরোধ শেষে জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের নেতাদের আশ্বাসে ছাত্ররা অবরোধ তুলে নেন। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কুমিল্লা: ‘প্রকৌশলী অর্থ যিনি প্রকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রিপ্রাপ্ত ও ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের সদস্য।’ ২০০৮ সালের ২৯ মে প্রকাশিত গেজেট এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এভাবেই প্রকৌশলীর সংজ্ঞা দেওয়া হয়। সম্প্রতি ওই খবর জানতে পেরে ডিপ্লোমা প্রকৌশলীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা অবিলম্বে ওই সংজ্ঞা পরিবর্তন করে ডিপ্লোমা প্রকৌশলীদের অন্তর্ভুক্ত করার দাবি জানান। একই সঙ্গে সাত দফা দাবি বাস্তবায়নে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কুমিল্লার প্রকৌশলীরা। গতকাল নগরের বাদুরতলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ৩১ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিবাদ সভা, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান ও কর্মবিরতি।বগুড়া: বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে গত বৃহস্পতিবার সহিংসতার নেপথ্যে ‘ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) সাত দফা দাবিসংবলিত একটি প্রচারপত্র ছিল বলে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে বগুড়ার বেসরকারি একটি পলিটেকনিকের প্রধান জানান, শিক্ষার্থী সহিংসতার নেপথ্যে কাজ করেছে আইডিইবির বগুড়ার নেতারা। তাঁরা শিক্ষার্থীদের হাতে প্রচারপত্র ধরিয়ে দিয়ে গুজব ছড়িয়ে ডিপ্লোমা প্রকৌশলীদের মর্যাদা অবনমিত করছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন সকালে আইডিইবির বিতরণ করা এ প্রচারপত্র শিক্ষার্থীদের হাতে হাতে চলে যাওয়ার পর ইনস্টিটিউটের তিন হাজার ৩০০ শিক্ষার্থী বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁদের সঙ্গে যোগ দেন স্থানীয় বেশ কয়েকটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও। তবে আইডিইবির বগুড়া শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, প্রচারপত্র ছড়িয়ে শিক্ষার্থীদের উসকে দেওয়ার অভিযোগ সঠিক নয়।