পার্বত্য জেলা খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি শান্ত। তবে এখনো ভয়-আতঙ্ক কাটেনি। গত রাতে শহরে আবার কারফিউ জারি করা হয়েছে। রাত নয়টা থেকে আজ সকাল সাতটা পর্যন্ত কারফিউ বলবত্ থাকবে। খাগড়াছড়ি ও রাঙামাটি শহরে জেলা প্রশাসনের উদ্যোগে শান্তি শোভাযাত্রা বের করা হয়। এতে আদিবাসী-বাঙালি সবাই যোগ দেন। গতকাল তিন পার্বত্য জেলায় অবরোধ পালন করা হলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।ইউপিডিএফ-অধ্যুষিত এলাকা পানছড়ি উপজেলায় দুই দিন ধরে নানা গুজব ও হামলার আশঙ্কায় পাহাড়ি-বাঙালি উভয় সম্প্রদায়ের লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় বাঙালি ছাত্রপরিষদের ডাকা সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। বান্দরবানে সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়নি।খাগড়াছড়ি প্রতিনিধি জানিয়েছেন, সেখানে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। প্রশাসনের উদ্যোগে শান্তি মিছিল হলেও আদিবাসী পল্লিগুলোতে এখনো পুরোপুরি ভয় ও আতঙ্ক কাটেনি। র্যাব, সেনা ও পুলিশের টহল অব্যাহত আছে। ১৪৪ ধারাও বলবত্ আছে।গতকাল বৃহস্পতিবার দুপুর একটায় জেলা প্রশাসকের উদ্যোগে শান্তি মিছিল খাগড়াছড়ি আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়। সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে মিছিলটি শাপলা চত্বর, চেঙ্গী স্কয়ার ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান রুইথি কার্বারী, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ, জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী সংগঠনের নেতা, আইনজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় সাদা পতাকা নিয়ে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা পাহাড়ি-বাঙালি সহাবস্থান ও শান্তি প্রতিষ্ঠার পক্ষে স্লোগান দেন।জেলা প্রশাসক আবদুল্লাহ জানান, সতর্কতা হিসেবে রাতে কারফিউ জারি করা হয়েছে। জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ আমীর জাফর এ পর্যন্ত ৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান।সড়ক অবরোধ: সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি চলাকালে খাগড়াছড়ি সদরে বাঙালি ছাত্রপরিষদের কোনো তত্পরতা দেখা যায়নি। জেলার বিভিন্ন উপজেলা থেকে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কাউখালী প্রতিনিধি জানান, রাঙামাটির কাউখালীতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। তবে পুলিশের হাতে বাঙালি ছাত্রপরিষদের এক কর্মী লাঞ্ছিত হয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। প্রধান প্রধান সড়ক ও স্পর্শকাতর এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা টহল জোরদার করা হয়।রাঙামাটি থেকে নিজস্ব প্রতিবেদক জানান, জেলা প্রশাসনের আয়োজনে শহরে অনুষ্ঠিত শান্তি শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বলেন, আমরা পাহাড়ি-বাঙালি হলেও আমাদের প্রথম পরিচয় মানুষ।গত শনিবার রাঙামাটির বাঘাইহাট ও মঙ্গলবার খাগড়াছড়ি শহরে সংঘটিত সহিংস ঘটনার পর আদিবাসী-বাঙালির মধ্যে সৃষ্টি হওয়া সন্দেহ-অবিশ্বাস দূর করতে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।দুপুর একটার দিকে বাঙালি ছাত্রপরিষদ মিছিল সহকারে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয় চত্বরে আসে। তারা বাঘাইহাট ও খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্ত বাঙালিদের ক্ষতিপূরণ, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ইউএনডিপির বৈষম্যমূলক কর্মকাণ্ড ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বন্ধ করা, পাহাড়ের সব অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রত্যাহার করা এবং সেনাক্যাম্প পুনঃস্থাপনের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছে। জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।জুরাছড়িতে ইউপিডিএফ কার্যালয়ে আগুন: রাঙামাটির জুরাছড়ি উপজেলা সদরে পার্বত্য চুক্তিবিরোধী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কার্যালয়ে আগুন লাগানো হয়েছে। এ সময় ওই কার্যালয়ের আশপাশের ১৯টি বসতবাড়ি ও ঘর পুড়ে গেছে। এগুলোর মধ্যে ইউএনওর বাসভবন, বেসরকারি সংস্থা আইডিএফের কার্যালয়ও রয়েছে। ইউপিডিএফ উপজেলা শাখার সভাপতি মহারঞ্জন চাকমা বলেন, প্রতিপক্ষ তাঁদের কার্যালয়ে আগুন দিয়েছে। ইউএনও বলেন, ঘটনাটি নাশকতা কি না, তা তদন্ত করে দেখা হবে। বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবানে বাঙালি ছাত্রপরিষদের গতকালের সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়নি। সারা দিন পরিষদের কোনো তত্পরতাও দেখা যায়নি।নওগাঁয় ছিনতাইকারীর রডের আঘাতে এএসআই নিহত