দুই পীরের সমর্থকদের টেঁটাযুদ্ধে নিহত ১
নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারীকান্দি গ্রামে দুই পীরের সমর্থক গ্রামবাসীর মধ্যে টেঁটাযুদ্ধে খোকা মিয়া (৩৫) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। আজ শনিবার জেলার কাশিমপুরী ও চরমোনাই পীরের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, নিহত খোকা মিয়া কাশিমপুরী পীরের সমর্থক ও কাচারীকান্দি গ্রামের ইসমাইল মিয়ার ছেলে। আহত ব্যক্তিদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নরসিংদী সদর ও পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, ধর্মীয় মতবিরোধকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর সঙ্গে জড়িত সন্দেহে ২৫ জনকে আটক করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, কাশিমপুরী ও চরমোনাই পীরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে ধর্মীয় বিষয় ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল শুক্রবার দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা হয়। এর জের ধরে আজ সকালে উভয়পক্ষ টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান খোকা মিয়া। কাচারীকান্দি গ্রামে কাশিমপুরী পীরের সমর্থকদের নেতৃত্ব দিচ্ছেন সাইফ আলী, করিম মেম্বার, মান্নান মিয়া, আলফত আলী, শুক্কুর আলী ও সুজন মিয়া। চরমোনাই পীরের সমর্থকদের নেতৃত্ব দিচ্ছেন মুফতি সাইফুল হাদিস, মাওলানা ওসমান গণি, ইসমাইল মেম্বার, হোসেন মেম্বার, আইনুল হোসেন, শিশু মিয়া ও জয়নাল মিয়া। স্থানীয় পাড়াতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তাঁর চাচাতো ভাই কাউছার মিয়া জানান, ‘গতকালের ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ঘটনাস্থলে খোকা মিয়া নামে এক ব্যক্তি মারা যান। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে এজাজ মিয়া ও ফারুক মিয়া নামে আরও দুজনের মৃত্যু হয়েছে বলে আমরা খবর পেয়েছি।’রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন বলেন, ‘তিনজনের মৃত্যুর খবর আমরাও শুনেছি। এ পর্যন্ত একজনের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অন্যদের ব্যাপারে আমরা নিশ্চিত নই। এখনো মামলা হয়নি।’সংঘর্ষে শহিদ মিয়া (২৬), কবির (২৮), কমলা বেগম (৩০), আল-আমিন (২০), এজাজ মিয়া (২৫), কামাল (৩৫), আবদুল আলী (৩০), শাহ আলম (৩৫), হেলাল মিয়া (২৫), ওমর আলী (৪০), খোকন মিয়া (৩০), সাদেক মিয়া (৩০), নজরুল ইসলাম (৫০), হারিছ মিয়া (১৪), ফারুক মিয়া (২৬), হানিফা মিয়াসহ (৪০) আহত হন ৩০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।