দুই পুলিশ কর্মকর্তাকে বরখাস্তের সুপারিশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল কাদেরকে নির্যাতন ও অসত্য গল্প সাজিয়ে দুটি ফৌজদারি মামলা করায় খিলগাঁও থানার সাবেক ওসি হেলালউদ্দিন ও উপপরিদর্শক আলম বাদশাকে চাকরি থেকে বরখাস্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন কমিটির প্রতিবেদনটি তুলে ধরেন। আদালত আগামী সোমবার পর্যন্ত এর শুনানি মুলতবি করেছেন। এ সময়ের মধ্যে পুলিশের পক্ষ থেকে গঠিত বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।কমিটির প্রতিবেদনে বলা হয়, কাদেরের পায়ে আঘাত করায় ওসির বিরুদ্ধে পেনাল কোডের ৩২৪ ধারায় অভিযোগ আনা যায়। আর কাদের চাইলে শারীরিক, মানসিক ও সামাজিক হয়রানির জন্য এই দুই কর্মকর্তার বিরুদ্ধে দেওয়ানি আদালতে ক্ষতিপূরণ মামলা করতে পারেন। এ ছাড়া এ ধরনের ঘটনা রোধে চার দফা সুপারিশ করেছে কমিটি। ঘটনাপ্রবাহ: গত ১৫ জুলাই গভীর রাতে আবদুল কাদেরকে খিলগাঁও থানার পুলিশ আটক করে। পরের দিন তাঁকে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এ নিয়ে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলে গত ২৮ জুলাই হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। পাশাপাশি গ্রেপ্তার ও নির্যাতনের ঘটনা তদন্তে কমিটি গঠনের জন্য আইনসচিবকে নির্দেশ দেন। তদন্তকালে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন, উপপরিদর্শক (এসআই) আলম বাদশা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শহিদুর রহমানকে ‘বরখাস্ত রাখতে’ও বলা হয়। একই সঙ্গে পুলিশের মহাপরিদর্শককে বিভাগীয় তদন্ত করে আট সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আশীষ রঞ্জন দাসের (বর্তমানে দায়িত্বপ্রাপ্ত সচিব) নেতৃত্বে এক সদস্যের কমিটি গঠন করা হয়। ওই কমিটি ২২ জন সাক্ষীর বক্তব্য পর্যালোচনা করে ৪০ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেয়। গতকাল সকালে প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করা হয়। মধ্যাহ্ন বিরতির পর শুনানিকালে আদালত রাষ্ট্রপক্ষের কাছে পুলিশের মহাপরিদর্শকের তদন্ত প্রতিবেদনের বিষয়ে জানতে চান। জবাবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, ওসিসহ তিনজন পুলিশ কর্মকর্তা সাময়িকভাবে বরখাস্ত আছেন। অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল জলিলের নেতৃত্বে তদন্ত চলছে। প্রতিবেদন দাখিলের জন্য এক সপ্তাহ সময়ের আরজি জানান তিনি। পরে আদালত সোমবার পর্যন্ত শুনানি মুলতবি করেন। পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, আগামী সোমবারের মধ্যে পুলিশের প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। প্রতিবেদনে যা বলা হয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র আবদুল কাদেরকে একজন দুর্বৃত্তের মিথ্যা অভিযোগের ভিত্তিতে আটক করা হয়। কাদেরের বক্তব্য ও তাঁর পরিচয়ের বিষয়ে কোনো ধরনের অনুসন্ধান না করে সম্পূর্ণ মনগড়াভাবে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। ওই কার্যক্রমে পুলিশের দায়িত্বের প্রতি চরম অবহেলা, স্বেচ্ছাচারিতা ও অন্যায়ভাবে একজনকে মিথ্যা মামলায় জড়ানোর প্রবণতা পরিলক্ষিত হয়েছে।সাক্ষ্য পর্যালোচনা করে প্রতিবেদনে বলা হয়, পুলিশের কথিত ঘটনার সঙ্গে আবদুল কাদের কোনোভাবে সম্পৃক্ত ছিলেন না। দৃশ্যত অপর সন্দেহভাজন দুর্বৃত্ত মামুনের দেওয়া মিথ্যা তথ্যের ভিত্তিতে অন্যায়ভাবে তাঁকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, হেলালউদ্দিন ও আলম বাদশা উভয়েই তদন্ত কমিটির কাছে অসত্য বক্তব্য দিয়েছেন। কিন্তু প্রকৃত ঘটনাকে আড়াল করে মিথ্যা বক্তব্য সাজিয়ে এজাহার প্রস্তুত করার দায়দায়িত্ব আলম বাদশা ও হেলালউদ্দিন এড়াতে পারবেন না। এজাহার ও প্রকৃত ঘটনা: প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনায় পুলিশ খিলগাঁও থানায় দুটি এজাহার দায়ের করে। একটি ডাকাতি করার জন্য সমবেত হওয়ার অপরাধ, অন্যটি বেআইনিভাবে অস্ত্র দখলে রাখার অভিযোগে। দুই মামলার বাদী এসআই আলম বাদশা। দুই মামলায় ঘটনাস্থল খিলগাঁও থানার পুরোনো পুলিশ ফাঁড়ির বিপরীত পাশে (৫৮০/১/সি বাড়ির সামনে) পাকা রাস্তা দেখানো হয়েছে। কিন্তু সাক্ষীরা বলেছেন, ঘটনাস্থল ভিন্ন থানাধীন সেগুনবাগিচার দুদক কার্যালয়ের সামনের পাকা রাস্তা। সুতরাং দেখা যাচ্ছে, এজাহারে বর্ণিত ঘটনাস্থলের সঙ্গে প্রকৃত ঘটনাস্থলের মিল নেই। চার সুপারিশ: তদন্ত প্রতিবেদনে চারটি বিষয়ে আশু পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এগুলো হচ্ছে—কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের সময় যে অপরাধের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হচ্ছে, সে অপরাধে সে আদৌ সংশ্লিষ্ট কি না, এ ব্যাপারে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য পুলিশ সদস্যদের প্রতি নির্দেশনা জারি করা। কোনো ব্যক্তিকে পুলিশ হেফাজতে নির্যাতন না করার বিষয়ে উচ্চ আদালতসহ প্রচলিত আইনে যে নির্দেশনা রয়েছে, তা যথাযথভাবে পালনের জন্য পুলিশের উচ্চপর্যায় থেকে সব পুলিশ সদস্যের প্রতি প্রয়োজনীয় আদেশ প্রদান করা। কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করার আগে অবশ্যই সে ব্যক্তি আদৌ জড়িত কি না, তার প্রাথমিক প্রমাণের বিষয়ে নিশ্চিত হওয়া। পুলিশের করা সব ধরনের মামলা দায়েরের ক্ষেত্রে অবশ্যই সত্য ঘটনাকে অবলম্বন করে মামলা করতে হবে। কোনো পরিস্থিতিতেই সত্য ঘটনাকে আড়াল করে মিথ্যা বক্তব্য সাজিয়ে কেউ যেন মামলা না করতে পারে, সে বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে কঠোর নির্দেশনা জারি করা।দোষীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ: প্রতিবেদনে বলা হয়, কাদেরকে ওসি হেলালউদ্দিন চাপাতি দিয়ে বাঁ পায়ের নিচে আঘাত করেন। হাঁটু থেকে চার ইঞ্চি নিচে আড়াআড়ি কাটা দাগটি লম্বা অনুমান আট ইঞ্চি। ওই আঘাত খুবই গুরুতর ছিল। তবে ধারণা করা যায়, ওই আঘাত মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে করা হয়নি। তাই ওসির বিরুদ্ধে পেনাল কোডের ৩২৪ ধারায় অভিযোগ আনা যায়। কাদেরকে নির্যাতন ও মিথ্যা মামলা করে তাঁর যে শারীরিক, মানসিক ও সামাজিক ক্ষতি করা হয়েছে, সে জন্য সাবেক ওসি হেলালউদ্দিন ও উপপরিদর্শক আলম বাদশার বিরুদ্ধে কাদেরের পক্ষ থেকে ক্ষতিপূরণ চেয়ে দেওয়ানি আদালতে ক্ষতিপূরণ মামলা করা যেতে পারে। বিভাগীয় ব্যবস্থার মাধ্যমে বরখাস্ত: প্রতিবেদনে বলা হয়, আলম বাদশা এবং ওসি হেলালউদ্দিন জেনেশুনে কাদেরের বিরুদ্ধে অসত্য গল্প সাজিয়ে দুটি ফৌজদারি মামলা করেছেন। পরে ওসি ‘নিতান্ত নিন্দনীয়ভাবে’ কাদেরকে থানায় নির্যাতন করেছেন। ধারালো অস্ত্র দিয়ে জখমও করেছেন। জেনেশুনে কাদেরকে সাজানো মামলার এজাহারভুক্ত করে হেলালউদ্দিন ও আলম বাদশা গুরুতর অসদাচরণ করেছেন। তাঁদের বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ১৯৮৫ অনুসারে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা এবং বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে চাকরি থেকে বরখাস্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।