দুই পুলিশ সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার তাঁতীবাজারে স্বর্ণ ব্যবসায়ী আবুল কালাম (২৭) হত্যার কারণ গতকাল বৃহস্পতিবারও পুলিশ উদ্ঘাটন করতে পারেনি। কেউ গ্রেপ্তারও হয়নি। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে তাঁতীবাজারসহ আশপাশের এলাকার স্বর্ণের দোকানসহ সব দোকান গতকালও বন্ধ ছিল।এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে নয়া সড়ক পুলিশ ফাঁড়ির দুই সদস্যকে গত বুধবার রাতে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল বাকী ও কনস্টেবল আলমগীর হোসেন।কালাম হত্যার ঘটনায় বুধবার রাতে তাঁর বাবা হারুন-উর রশীদ আসামি হিসেবে কারও নাম উল্লেখ না করে কোতোয়ালি থানায় মামলা করেন। কালামকে বুধবার বিকেলে তিন সন্ত্রাসী দোকানে ঢুকে গুলি করে চলে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।আবুল কালামের বড় ভাই আবদুল আউয়াল প্রথম আলোকে বলেন, ‘কালাম কেন খুন হলো, তা বুঝতে পারছি না। কারও সঙ্গে তার শত্রুতা ছিল না।’কালাম হত্যার প্রতিবাদে বুধবার বিকেল থেকেই তাঁতীবাজার, কোতোয়ালি রোড, শাঁখারীবাজার, প্রসন্ন পোদ্দার লেনসহ আশপাশের কয়েক হাজার ব্যবসায়ী দোকানপাট বন্ধ করে দেন। গতকালও এসব দোকানপাট বন্ধ রাখা হয়। দুপুরে তাঁতীবাজারে জানাজা শেষে কালামের লাশ স্বজনেরা কুমিল্লার দেবীদ্বারে নিয়ে দাফন করেন।তাঁতীবাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, এখানকার বিভিন্ন দোকান থেকে ডাকাত শহীদ ও ভুট্টো গ্রুপের লোকজন চাঁদা তোলে। এতে ব্যবসায়ীদের একটি অংশও জড়িত। কাউকে চাঁদার জন্য চিহ্নিত করা হলে তাঁর গতিবিধি সার্বক্ষণিক নজরে রাখা হয়। এসব খবরাখবর সার্বক্ষণিক আদান-প্রদান হয়। এরপর সময় বুঝে ‘অপারেশন’ চালানো হয়। এখানকার প্রতিটি দোকানের টেলিফোন ও মুঠোফোন নম্বর সন্ত্রাসীদের কাছে রয়েছে। জীবনের নিরাপত্তার কথা ভেবে কেউ মুখ খোলেন না।তাঁতীবাজার বণিক সমিতির আহ্বায়ক বিপুল ঘোষ শংকর প্রথম আলোকে বলেন, আবুল কালাম হত্যার প্রতিবাদে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে কাল শনিবার দুপুরের পর দোকানপাট খোলা হবে।দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার সালাউদ্দিন তালুকদার বলেন, কালাম হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি র‌্যাবও কাজ করছে। বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। শিগগিরই এ হত্যা রহস্য উদ্ঘাটিত হবে।কোতোয়ালি থানার অপারেশন কর্মকর্তা আতাউর রহমান জানান, কালাম হত্যার ঘটনায় বুধবার রাতে জয়ন্ত কুমার নামের এক যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার আগে জয়ন্তকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। ওই যুবক বুধবার ১০ ভরি স্বর্ণালংকার দিয়ে কালামের কাছ থেকে এক লাখ টাকা নেন।