দুই পুলিশ সুপারের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের দুই এসপিসহ সাতজনের বিরুদ্ধে দুদকের মামলানিজস্ব প্রতিবেদকরাজারবাগ পুলিশ লাইন টেলিকমের প্রায় তিন লাখ টাকা সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুই পুলিশ সুপারসহ (এসপি) সাতজনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।ওই দুই পুলিশ সুপার হলেন পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার মোশাররফ হোসেন (সাবেক সহকারী মহাপরিদর্শক—এআইজি, টেলিকম, রাজারবাগ পুলিশ লাইন) ও সিরাজগঞ্জ জেলা পুলিশের এসপি মো. হুমায়ুন কবির।আজ রোববার দুদকের সহকারী পরিচালক অজয় কুমার সাহা বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় এসব মামলা দায়ের করেন। তিনি ঢাকা বিভাগীয় অঞ্চল কার্যালয়ের দায়িত্ব পালন করেন।মামলার অন্য আসামিরা হচ্ছেন পুলিশ টেলিকমের হিসাবরক্ষক আবদুল লতিফ, মেসার্স হারুন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হারুন অর রশিদ ও তাঁর প্রতিনিধি মো. মুনতাসির আলম, মেসার্স বকুল ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সফিউল খোকন ও তাঁর প্রতিনিধি মো. আমিনুল ইসলাম।পল্টন থানার কর্তব্যরত কর্মকর্তা প্রথম আলো অনলাইনকে দুই মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রথম মামলার অন্য আসামিরা হলেন পুলিশ টেলিকমের সাবেক হিসাবরক্ষক ও প্রধান সহকারী আবদুল লতিফ, মেসার্স হারুন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হারুন অর রশিদ ও তাঁর প্রতিনিধি মো. মুনতাসির আলম।এই মামলায় এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে পুলিশ টেলিকম অডিটোরিয়ামের অভ্যন্তরে পুরোনো ইলেকট্রিক্যাল লাইন মেরামত ও নতুন লাইন সংযোগ প্রকল্পের ৮২ হাজার ৯০০ টাকা আত্মসাৎ করেছেন। এজাহারে দুদকের অনুসন্ধানের কথা উল্লেখ করে বলা হয়েছে, এক লাখ ৮৩ হাজার ১০২ টাকার কাজ করার জন্য দরপত্র ডাকা হলেও কাজ দেওয়া হয়েছে এক লাখ ২০২ টাকার কাজ। বাকি টাকা ৮২ হাজার ৯০০ টাকা আসামিরা আত্মসাত্ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।পল্টন থানা জানায়, দ্বিতীয় মামলায় অন্য আসামিরা হলেন সাবেক হিসাবরক্ষক ও প্রধান সহকারী আবদুল লতিফ, মেসার্স বকুল ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সফিউল খোকন ও তাঁর প্রতিনিধি মো. আমিনুল ইসলাম।এই মামলায় এজাহারে বলা হয়েছে, পুলিশ টেলিকমের পুরোনো ক্যান্টিন ও গার্ড রুম মেরামত ও রং করা এবং কর্মচারী মেসের মেরামত ও সম্প্রসারণ এ দুটি কাজের জন্য বিল দেওয়া হয় তিন লাখ ২২ হাজার ৭২৩ টাকা। কিন্তু দুদকের অনুসন্ধানে দেখ যায়, আসামিরা টেলিকম কার্যালয়ের পুরোনো ক্যান্টিন মেরামত, রঙের কাজ ও টেলিকম কর্মচারীদের থাকার ঘর মেরামত-সম্প্রসারণ না করে দুই লাখ ৯৬ হাজার টাকা আত্মসাত্ করেছে।দুদকের ঢাকা কার্যালয়ের উপপরিচালক মনিরুজ্জামান খান জানান, ২০০৫-২০০৬ অর্থবছরে ওই দুই পুলিশ কর্মকর্তা রাজারবাগ টেলিকমে এআইজি হিসেবে কর্মরত থাকাকালীন সরকারি কাজ না করে ঠিকাদারদের সাথে যোগসাজশ করে প্রায় তিন লাখ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় পুলিশের বিভাগীয় তদন্তেও দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। তবে পুলিশ বিভাগ থেকে অভিযুক্ত দুই কর্মকর্তার বিরুদ্ধে কোনো ধরনের বিভাগীয় ব্যবস্থা না নিয়ে দুদকের কাছে তাঁদের সুপারিশ পাঠানো হয়। এরই পরিপ্রেক্ষিতে দুদক অনুসন্ধান করে মামলা দায়ের করে।