দুই পোশাক শ্রমিকনেতা গ্রেপ্তার
পোশাক শ্রমিকনেতা বাবুল আকতার ও কল্পনা আক্তারকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা গ্রেপ্তার করেছেন। আজ শুক্রবার ভোরে তাঁদেরকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাঁরা গোয়েন্দা পুলিশ হেফাজতে আছেন।বাবুল আকতার বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটি নামক একটি শ্রমিক সংগঠনের পরিচালক এবং কল্পনা আক্তার ওই সংগঠনের মহাসচিব। ডিবি পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নজরুল ইসলাম বাবুলও কল্পনাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, রাজধানীর তেজগাঁও, মহাখালী, গুলশানসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর ও আন্দোলনে ইন্ধন দেওয়ার অভিযোগে এ দুজনকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।৯ আগস্ট একই অভিযোগে বিএনপি-সমর্থিত শ্রমিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি হাজি শহীদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। ওই দিন আরও ছয় নারী পোশাকশ্রমিককে গ্রেপ্তার করা হয়।