দুই প্রকৌশলীকে ট্রেন থেকে ফেলে দিল ছিনতাইকারীরা
দুই বস্ত্র প্রকৌশলীকে (টেক্সটাইল ইঞ্জিনিয়ার) চলন্ত ট্রেন থেকে ছিনতাইকারীরা ফেলে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের একজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল রোববার সকালে রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটেছে।ওই দুই প্রকৌশলী হলেন মাজহারুল ইসলাম ও গোলাম মোরশেদ। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পর শিক্ষানবিশ হিসেবে গাজীপুরের একটি শিল্পকারখানায় কাজ করছেন। মাজহারুলের ভাই মনিরুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, গতকাল সকালে কমলাপুর থেকে গাজীপুর যাওয়ার জন্য মাজহারুল ইসলাম ও তাঁর বন্ধু গোলাম মোরশেদ সকাল সাড়ে পাঁচটার দিকে তুরাগ এক্সপ্রেসে ওঠেন। ট্রেনটি কমলাপুর থেকে ছেড়ে তেজগাঁও এলাকায় যাওয়ার পর একদল ছিনতাইকারী সবার সামনে অস্ত্রের ভয় দেখিয়ে তাঁদের কাছে থাকা মালামাল নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে ছিনতাইকারীরা দুই প্রকৌশলীকে গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করে। ফাঁসের কারণে একজন ট্রেনের ভেতরেই জ্ঞান হারিয়ে ফেলেন। মরে গেছে মনে করে ছিনতাইকারীরা প্রথমে একজনকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়; এর একটু পর ফেলে দেয় অন্যজনকে। দুজনই তেজগাঁও রেলস্টেশনের প্ল্যাটফর্মের আশপাশে পড়েন। পরে পথচারীরা তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, এ ঘটনা তিনি জানেন। তদন্ত চলছে। ট্রেনের যাত্রীরা অভিযোগ করেন, সাম্প্রতিক সময় রেলে চুরি ও ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। ছিনতাইকারীরা যাত্রীবেশে ট্রেনে উঠে মালামাল লুট করছে। বাধা দিলে যাত্রীদের ট্রেন থেকে ফেলে দিচ্ছে। যাত্রীরা আরও অভিযোগ করেন, ১৭ ডিসেম্বর শারমিন সুলতানা নামের এক নারী পদ্মা এক্সপ্রেসে এ ধরনের ঘটনার শিকার হন। ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে স্বর্ণালংকার লুট করে।