দুই প্রকৌশলীকে ট্রেন থেকে ফেলে দিল ছিনতাইকারীরা
শিক্ষানবিশ দুই বস্ত্র প্রকৌশলীকে (টেক্সটাইল ইঞ্জিনিয়ার) চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়েছে ছিনতাইকারীরা। এতে আহত ওই দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের কাছে গত রোববার সকালে এ ঘটনা ঘটে।আহত দুজন হলেন মাজহারুল ইসলাম ও গোলাম মোর্শেদ। তাঁরা আহছ্ানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাস করে শিক্ষানবিশ হিসেবে গাজীপুরের একটি শিল্প-কারখানায় কাজ করছেন। আহত মাজহারুলের ভাই মনিরুল ইসলাম গতকাল সোমবার প্রথম আলোকে জানান, গাজীপুরে কর্মস্থলে যাওয়ার জন্য মাজহারুল ইসলাম ও তাঁর বন্ধু গোলাম মোর্শেদ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে কমলাপুর স্টেশন থেকে তুরাগ এক্সপ্রেস ট্রেনে ওঠেন। ট্রেনটি তেজগাঁও রেলস্টেশন অতিক্রমের পর একদল ছিনতাইকারী অস্ত্রের মুখে ওই দুজনের কাছে থাকা টাকাসহ অন্যান্য জিনিস ছিনতাইয়ের চেষ্টা করে। তাঁরা বাধা দিলে ছিনতাইকারীরা গলায় ফাঁস দিয়ে তাঁদের হত্যার চেষ্টা করে। এতে একজন জ্ঞান হারিয়ে ফেলেন। মারা গেছেন মনে করে ছিনতাইকারীরা তাঁকে চলন্ত ট্রেন থেকে বাইরে ফেলে দেয়। একটু পর অন্যজনকেও বাইরে ফেলে দেয়। দুজনই তেজগাঁও রেলস্টেশনের প্ল্যাটফরমের কাছে পড়েন। পরে পথচারীরা তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।মনিরুল জানান, আহত দুজনের মধ্যে গোলাম মোর্শেদের অবস্থা আশঙ্কাজনক।জানতে চাইলে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন চৌধুরী প্রথম আলোকে জানান, ঘটনাটি তিনি জানেন। ওই ঘটনার তদন্ত চলছে।তবে রেলযাত্রীরা অভিযোগ করেন, সাম্প্রতিক সময় ট্রেনে চুরি ও ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। যাত্রীবেশী ছিনতাইকারীরা সুযোগ বুঝে যাত্রীদের মালামাল ছিনতাই করছে। বাধা দিলে যাত্রীকে ট্রেন থেকে ফেলে দেওয়ার ঘটনাও ঘটছে। ১৭ ডিসেম্বর রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনের যাত্রী শারমিন সুলতানা ছিনতাইয়ের শিকার হন। ক্যান্টনমেন্ট স্টেশনের আগে চলন্ত ট্রেনে তাঁর কাছ থেকে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র থাকা হাতব্যাগ ছিনিয়ে নিয়ে যায় এক ছিনতাইকারী।