কর্তব্যে অবহেলার অভিযোগে সড়ক ও জনপথ বিভাগের (ঢাকা বিভাগ) দুই প্রকৌশলীকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার জন্য সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্করকে নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। নোটিশের সন্তোষজনক জবাব না পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি।যাঁদের কারণ দর্শানোর নোটিশ দিতে বলা হয়েছে, তাঁরা হলেন—সড়ক ও জনপথ বিভাগের (ঢাকা বিভাগ) তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাবউদ্দিন আহমেদ ও গাজীপুরের নির্বাহী প্রকৌশলী উত্পল সামন্ত।আজ শুক্রবার বেলা ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনের উন্নীতকরণ কাজ পরিদর্শন করতে শ্রীপুর উপজেলার নয়নপুরে এসে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এই নির্দেশ দেন।ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ময়মনসিংহ অংশের অগ্রগতিতে যোগাযোগমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের অংশের প্রথম প্যাকেজের টেন্ডারের কাগজপত্রে জালিয়াতি ধরা পড়লে তা বাতিল করা হয়। এতে অভিযুক্ত ঠিকাদারেরা আদালতের আশ্রয় নেন। পরে আদালত ওই টেন্ডারের কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন। আদালতের নির্দেশে টেন্ডারের কার্যক্রম বন্ধ থাকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, দুই পক্ষের মধ্যে সমঝোতায় আসতে বিলম্ব হলে (আরবিট্রেশনে) আদালতের অনুমতি নিয়ে দরপত্র কার্যক্রম শুরু করা হবে।প্রকল্প পরিচালক ফিরোজ ইকবাল মন্ত্রীকে জানান, সড়ক চার লেনে উন্নীত করার এ প্রকল্পের কাজ ২০১৩ সালের অক্টোবর নাগাদ শেষ হবে। তবে জুলাইয়ের শুরুতেই আদালতে এ-সংক্রান্ত জটিলতার ফয়সালা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।এ সময় মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হাবিবুর রহমান, চার লেন প্রকল্পের পরিচালক মো. ফিরোজ ইকবাল, অতিরিক্ত প্রকল্প পরিচালক হাফিজুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক মো. সাব্বির হোসেন, ঢাকা বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহাবুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।