দুই প্রজন্মের যুগলবন্দী
জন ডেভিসনের ফার্স্ট ক্লাস ক্যারিয়ার যখন শুরু, নীতিশ কুমারের জন্মই তখন হয়নি। সে ১৬ বছর আগের কথা। কিন্তু সময় পরিক্রমায় এখন তাঁরা দুজনেই একই নৌকার যাত্রী। বয়সের দূরত্বকে পকেটে পুরে গলাগলি ধরে এই দুজন পরশু করলেন কানাডার ইনিংসের গোড়াপত্তন।দুই প্রজন্মের এই মিলনগাথার সাক্ষী হয়ে থাকল নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের জামতা স্টেডিয়াম। জিম্বাবুয়ের বিপক্ষে উদ্বোধন করলেন ডেভিসন ও নীতিশ। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে নাস্তানাবুদ হওয়ার পরই আভাস পাওয়া গিয়েছিল, কানাডার ব্যাটিং লাইনআপে বদল আসছে। বিশ্বকাপে অভিষেক হলো নীতিশের। ১৬ বছর বয়সী নীতিশ ক্রিকেট ইতিহাসেরও একটি পাতায় নাম লিখিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে তাঁর অভিষেক। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এই রেকর্ডটি এখনো রয়েছে পাকিস্তানের হাসান রাজার অধিকারে। তবে নীতিশ রেকর্ডের একটি পাতায় সবার ওপরে নাম লিখিয়েছেন। বাংলাদেশের পেসার তালহা জুবায়েরকে টপকে হয়ে গেছেন বিশ্বকাপের সর্বকনিষ্ঠ খেলোয়াড়। ২০০৩ বিশ্বকাপে তালহা যখন খেলতে নামেন, তাঁর বয়স ছিল ১৭ বছর ৭০ দিন।ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সই নীতিশকে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে দিয়েছে। টুর্নামেন্টে ছোট্ট নীতিশ ভালো করবে বলেই ৪০ বছর বয়সী ‘অভিভাবক’ ডেভিসনের বিশ্বাস, ‘১০ বছর আগে ওর সঙ্গে যখন প্রথম পরিচয়, ও ছিল ছয় বছরের একটি শিশু। ওই পর্যায়েই সে দারুণ ক্রিকেট খেলত। তার বাবা আমাদের সঙ্গে ক্লাব ক্রিকেট খেলত, আর সে তাকে বল করত। তখনই এই পিচ্চিটা পুল শট খেলত। আমার মুগ্ধতা সেই তখন থেকেই। তাকে প্রথম দেখেই মনে হয়েছিল, তার সঙ্গে খেলতে পারলে ভালোই হয়।’বিশ্বকাপে অভিষেকের আগেই নাগপুরের উইকেটের সঙ্গে একটা ছোটখাটো দোস্তি হয়ে গেছে নীতিশের। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে গত ডিসেম্বরে এখানে এসেছিল কানাডা দল। নাগপুরের উইকেট সম্পর্কে তাই মোটামুটি ভালোই জানা আছে নীতিশের, ‘এখানে বিশ্বকাপ অভিষেক হওয়াটা দারুণ। নাগপুরের উইকেট সম্পর্কে আমার ভালোই জানা। এই স্টেডিয়ামটি দারুণ।’টগবগে নীতিশ তো আছেই, কানাডা দলের সাফল্য আসলে নির্ভর করছিল ‘বুড়ো’ ডেভিসনের ওপরই। ২০০৩ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছিলেন এই মারকুটে ওপেনার। ব্রায়ান লারার দল ওই ম্যাচে জিতলেও ডেভিসনের ৭৬ বলে ১১৩ রানের ঝোড়ো ইনিংস তাদের ভালোই ভুগিয়েছিল। ২০০৭ বিশ্বকাপে ম্যাথু হেইডেনের ভেঙে দেওয়ার আগ পর্যন্ত ওটাই ছিল বিশ্বকাপের দ্রততম সেঞ্চুরি।কিন্তু ‘বুড়ো’ ডেভিসনের ব্যাটন পিচ্চি নীতিশের হাতে উঠে বরফের চাঁইয়ে চাপা পড়ে যাওয়া ক্রিকেট যে কানাডায় উষ্ণতা পাবে সে লক্ষ্মণ দেখা গেল না! পরশু ডেভিসন ৮ বল খেলে কোনো রান করতে পারেননি। আর নীতিশ ১০ বলে ১ রান করে আউট। ওয়েবসাইট।