দুই প্রজন্মের শিল্পীর ছবি নিয়ে ‘প্রশান্ত প্রকৃতি’
চল্লিশের দশকে ভারতবর্ষের শিল্পানুরাগীদের মধ্যে হরেন দাসের ছাপচিত্র শিল্পগুণে ও রচনাশৈলীতে আদৃত হয়েছিল। তিনি খ্যাতিমান হয়ে উঠেছিলেন ছাপচিত্রে গ্রামীণ জীবনের নানা দিক তুলে ধরে। কাঠ খোদাইয়ে তিনি নতুন মাত্রা সঞ্চার করেছিলেন। তাঁর সৃজনের মধ্যে পরিশীলিত এক বোধ ও মার্জিত রূপ উন্মোচিত হয়। হরেন দাসের সন্তান চন্দন দাসও কুশলী শিল্পী। বাবার করণকৌশল আয়ত্ত করেছেন এবং তাঁর সৃজনে সঞ্চার করেছেন গভীর ও গম্ভীর এক বোধ। তাঁর সৃষ্টিও নানা দিক থেকে তাৎপর্যময়। গতকাল ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে দুই প্রজন্মের শিল্পীর ছবি নিয়ে শুরু হয়েছে যৌথ প্রদর্শনী ‘প্রশান্ত প্রকৃতি’। সন্ধ্যায় নয় দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বরেণ্য শিল্পী রফিকুন নবী, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মুস্তাফিজুর রহমান এবং অধ্যাপক সৈয়দ আজিজুল হক।যৌথ এ প্রদর্শনীতে শিল্পী হরেন দাসের ৫১টি এবং চন্দন দাসের ২৪টি চিত্রকর্ম স্থান পায়। প্রদর্শনী ২২ অক্টোবর পর্যন্ত।