দুই প্রজন্মের সাক্ষী
টেন্ডুলকারের অসংখ্য কীর্তির সঙ্গে যোগ হয়েছে নতুন আরেকটি— বাবা-ছেলের বিপক্ষে টেস্ট খেলা! এই কীর্তি নিয়ে লিখেছেন আরিফুল ইসলামমনে করুন, চলতি সিরিজেই কোনো একসময় শচীন টেন্ডুলকারকে স্লেজিং করেছেন শন মার্শ। পাল্টা জবাবে টেন্ডুলকার বলতে পারেন, ‘বেটা, বুঝেশুনে কথা বল্, আমি তোর বাবার সঙ্গেও খেলেছি!’ছেলেবেলায় খুব বাবা-ন্যাওটা ছিলেন শন। অনুশীলনে তো বটেই, ম্যাচের সময়ও বাবা জিওফ মার্শের পাশে থাকা চাই। অস্ট্রেলিয়ার সব তো বটেই, বিদেশেও অনেক ড্রেসিংরুম দেখা হয়ে গিয়েছিল ছেলেবেলাতেই। বাবার সঙ্গে ইংল্যান্ড থেকে অ্যাশেজ জিতে ফিরেছিলেন তো সেই ছয় বছর বয়সেই (১৯৮৯)। ১৯৯১-৯২ মৌসুমে বাবার বিদায়ী সিরিজেও ছিলেন ড্রেসিংরুমে।ওই সিরিজেই প্রথম অস্ট্রেলিয়া সফরে এসেছিলেন ভারতের এক বিস্ময়বালক। সিডনি ও পার্থে দুটি সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন সবাইকে। ওই বিস্ময়বালকের ব্যাটিংয়ে দারুণ উদ্বুদ্ধ হয়েছিল আট বছরের শন। প্রায় ২০ বছর পর, দেশের মাটিতে যখন প্রথম টেস্ট খেলতে নামলেন শন, তখনো প্রতিপক্ষ দলে ৯১-৯২ সিরিজের সেই বিস্ময়বালক!শততম সেঞ্চুরির আশা আর আশাভঙ্গের ডামাডোলে অনেকেই খেয়াল করেননি, আরেকটি দারুণ কীর্তি গড়ে ফেলেছেন শচীন টেন্ডুলকার। প্রথম অস্ট্রেলিয়া সফরে খেলেছিলেন জিওফ মার্শের বিপক্ষে, ‘শেষ’ অস্ট্রেলিয়া সফরে খেললেন শন মার্শের বিপক্ষে। বাবা-ছেলের বিপক্ষে টেস্ট খেলার কীর্তি আছে আর মাত্র ১৯ জনের, ভারতের হয়ে টেন্ডুলকারেরই প্রথম! অমিত প্রতিভা, প্রথম শ্রেণীর ক্রিকেটে দারুণ শুরুর পরও পথ হারিয়ে ফেলেছিলেন শন মার্শ। অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইনআপে জায়গাও ছিল না। সব মিলিয়ে টেস্ট ক্যাপ পেতেই ২৮ বছর লেগে গেল শনের। না হলে বাবা-ছেলের বিপক্ষে খেলার কীর্তিটা আরও আগেই হতে পারত টেন্ডুলকারের। তাঁর সঙ্গে তালিকায় নাম লেখাতে পারতেন হয়তো আরও কয়েকজন, যেমনটি হয়েছিল ল্যান্স ও ক্রিস কেয়ার্নসের ক্ষেত্রে।কেয়ার্নসদের মতো এত মিল খুব কম বাবা-ছেলে ক্রিকেটার জুটিরই আছে। দুজনই মিডিয়াম পেসার, ব্যাট হাতে দুজনেরই শেষ কথা ছিল আক্রমণ। ক্রিসের যখন জন্ম, বাবা ল্যান্সের বয়স ছিল মাত্র ২০! বয়সের ব্যবধান এত কম যে, ল্যান্স আর বছর চারেক খেললে বাপ-বেটার একসঙ্গে টেস্ট খেলার অনন্য কীর্তিই হয়ে যেত! ১৯৮৫-এর নভেম্বরে শেষ টেস্ট খেললেন ল্যান্স, ১৯৮৯-এর নভেম্বরে অভিষেক ক্রিসের। ল্যান্সের শেষ আর ক্রিসের শুরুর মাঝে এত কম ব্যবধান বলেই বাপ-বেটার বিপক্ষে টেস্ট খেলার তালিকাটা এত লম্বা হয়েছে। ২০ জনের মধ্যে ১২ জনই খেলেছেন এই দুজনের বিপক্ষে! বাবা-ছেলের সঙ্গে একই দলে খেলার কীর্তি আছে ১৭ জনের। সেখানেও প্রাধান্য ল্যান্স ও ক্রিস কেয়ার্নস জুটির। দুজনের সঙ্গেই টেস্ট খেলেছেন মোট সাতজন। এই সাতজনের মধ্যে আবার খানিকটা আলাদা জেফ ও মার্টিন ক্রো। দুই ক্রো একমাত্র ভাই জুটি, যাঁরা খেলেছেন বাবা-ছেলে জুটির সঙ্গে!টেস্ট ক্রিকেটে প্রথম বাবা-ছেলে অস্ট্রেলিয়ার নেড ও সিড গ্রেগরি। ইতিহাসের প্রথম টেস্ট নেড গ্রেগরির ক্যারিয়ারের একমাত্র টেস্ট। ওই টেস্টে গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়িয়েছিলেন জ্যাক ব্ল্যাকহাম। সিড গ্রেগরির অভিষেক ১৮৯০ অ্যাশেজের লর্ডস টেস্টে। ওই টেস্টেও উইকেটের পেছনে ব্ল্যাকহাম। বাবা-ছেলের সঙ্গে টেস্ট খেলার প্রথম কীর্তি তাই ব্ল্যাকহামেরই। ইতিহাসে প্রথম টেস্টে ইংল্যান্ডের নতুন বল হাতে নিয়েছিলেন জর্জ উলিয়েট, দ্বিতীয় ইনিংসে আউট করেছিলেন নেড গ্রেগরিকে। সিড গ্রেগরির অভিষেক টেস্ট ছিল আবার উলিয়েটের শেষ টেস্ট। বাবা-ছেলের বিপক্ষে খেলা প্রথম ক্রিকেটার হয়ে যান ইংলিশ অলরাউন্ডার উলিয়েট।প্রথম শ্রেণীর ক্রিকেটে চার হাজার উইকেট নেওয়া (৪২০৬) একমাত্র বোলার উইলফ্রেড রোডসের টেস্ট ক্যারিয়ার স্থায়ী হয়েছিল ৩০ বছর ৩১৫ দিন। ক্যারিয়ারের শেষ দিনে তাঁর বয়স ছিল ৫২ বছর ১৬৫ দিন। দুটিই রেকর্ড। এত লম্বা ক্যারিয়ারে বাবা-ছেলের সঙ্গে টেস্ট না খেলতে পারলে হয়তো একটা খামতি থেকে যেত। ফ্রেড টেটের একমাত্র টেস্টে খেলেছিলেন রোডস। ফ্রেডের ছেলে মরিস টেটের সঙ্গে পরে অনেক টেস্ট খেলেছেন রোডস। এই মরিস টেট আবার খেলেছেন দক্ষিণ আফ্রিকার বাবা-ছেলে জুটি ডেভ ও ডাডলি নার্সের বিপক্ষে।পাকিস্তানের ইউনিস আহমেদের এই তালিকায় ঢোকাটাকে বলা যায় তাঁর ক্যারিয়ারের মতোই নাটকীয়। হানিফ মোহাম্মদের শেষ টেস্টে (১৯৬৯) অভিষেক ইউনিসের। আর একটি টেস্ট খেলেই দলে জায়গা হারালেন। ১৮ বছর পর, ৩৯ বছর বয়সে তাঁকে ইংল্যান্ড থেকে উড়িয়ে এনে ভারতের বিপক্ষে টেস্ট খেলতে নামিয়ে দিলেন ইমরান খান। পাকিস্তান দলে তখন খেলছেন হানিফের ছেলে শোয়েব মোহাম্মদ!বাবা-ছেলের সঙ্গে এবং বিপক্ষে খেলার সৌভাগ্য এখনো হয়নি কারও। তবে দুই জোড়া বাবা-ছেলে জুটির বিপক্ষে খেলার অনন্য কীর্তি প্রায় গড়েই ফেলেছিলেন গ্যারি সোবার্স। ভিনু ও অশোক মানকড়ের বিপক্ষে খেলেছেন। অল্পের জন্য খেলা হয়নি হেডলিদের বিপক্ষে। ১৯৫৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ছিল জর্জ হেডলির শেষ টেস্ট। ওই সিরিজের পঞ্চম টেস্টে অভিষেক সোবার্সের। সর্বকালের সেরা অলরাউন্ডার পরে খেলেছেন জর্জের ছেলে রন হেডলির সঙ্গে।গর্ব করার মতো এক কীর্তি আছে আবার বোথাম ও ওয়াসিম আকরামের। ল্যান্স, ক্রিস—দুই কেয়ার্নসকেই আউট করেছেন বোথাম ও ওয়াসিম। বাপ-বেটা দুজনকেই আউট করার কীর্তি আছে টেস্ট ইতিহাসে শুধু এই দুজনের!বাবা-ছেলের সঙ্গে টেস্টল্যান্স কেয়ার্নস-ক্রিস কেয়ার্নসজেফ ক্রো, মার্টিন ক্রো, ট্রেভর ফ্রাঙ্কলিন, কেন রাদারফোর্ড, ইয়ান স্মিথ, মার্টিন স্নেডেন, জন রাইট (নিউজিল্যান্ড)কলিন কাউড্রে-ক্রিস কাউড্রেপ্যাট পোকক (ইংল্যান্ড)নেড গ্রেগরি-সিড গ্রেগরিজ্যাক ব্ল্যাকহাম (অস্ট্রেলিয়া)হানিফ মোহাম্মদ-শোয়েব মোহাম্মদমোহাম্মদ নাজির, সরফরাজ নেওয়াজ, ওয়াসিম বারি, ইউনিস আহমেদ, জহির আব্বাস (পাকিস্তান)ভিনু মানকড়-অশোক মানকড়চাঁদু বোর্দে (ভারত)ডেভ নার্স-ডাডলি নার্সবুস্টার নিউপেন (দ. আফ্রিকা)ফ্রেড টেট-মরিস টেটউইলফ্রেড রোডস (ইংল্যান্ড)বাবা-ছেলের বিপক্ষে টেস্টল্যান্স কেয়ার্নস-ক্রিস কেয়ার্নসইয়ান বোথাম, গ্রাহাম গুচ, অ্যালান ল্যাম্ব (ইংল্যান্ড), টেরি অল্ডারম্যান, ডেভিড বুন, অ্যালান বোর্ডার, জিওফ লসন, ক্রেইগ মাকডারমট (অস্ট্রেলিয়া), সেলিম মালিক, ওয়াসিম আকরাম (পাকিস্তান), অর্জুনা রানাতুঙ্গা, রুমেশ রত্নায়েকে (শ্রীলঙ্কা)নেড গ্রেগরি-সিড গ্রেগরিজর্জ উলিয়েট (ইংল্যান্ড)ভিনু মানকড়-অশোক মানকড়রোহান কানহাই, গ্যারি সোবার্স (ওয়েস্ট ইন্ডিজ)ডেভ নার্স-ডাডলি নার্সজর্জ ডাকওয়ার্থ, হার্বার্ট সাটক্লিফ, মরিস টেট (ইংল্যান্ড), বার্ট ওল্ডফিল্ড (অস্ট্রেলিয়া)জিওফ মার্শ-শন মার্শশচীন টেন্ডুলকার (ভারত)