দুই প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান
রোটারি ক্লাব অব ঢাকা সেন্ট্রালের আর্থিক সহযোগিতায় এবং বাংলাদেশি সিস্টেমস চেঞ্জ অ্যাডভোকেসি নেটওয়ার্কের (বি-স্ক্যান) উদ্যোগে দুজন শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করা হয়। আজ শনিবার দুপুরে রাজধানীর শাহবাগে অবস্থিত ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে হুইলচেয়ার দেওয়া হয়।যাঁদের হুইলচেয়ারগুলো দেওয়া হয়, তাঁরা হলেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উত্তর সুজাপুর গ্রামের মো. আবদুল জলিল (৬০)। গ্যাংরিন রোগের কারণে তাঁর ডান পা উরুর নিচ থেকে কেটে ফেলতে হয়েছে। অপরজন ঢাকার পশ্চিম রামপুরার মুক্তিযোদ্ধা মো. আবদুল্লাহ ইব্রাহীমের ছেলে মাস্কুলার ডিস্ট্রফি আক্রান্ত আহমাদ আদনান।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা সেন্ট্রালের প্রেসিডেন্ট ও বাংলা কেমিক্যালের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম এস সিদ্দিকী। এ সময় রোটারিয়ানদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আতাউর রহমান, ফারজানা, মুনিরুল হক, রাশেদুল আহসান, শওকত হোসেন, বি-স্ক্যানের পক্ষে সাধারণ সম্পাদক সালমা মাহবুব, স্বেচ্ছাসেবী সদস্য মো. জাহেদুল আলম ও মালিহা তাবাসসুম। এ ছাড়া কয়েকজন জাপানি অতিথিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।