দুই প্রতিষ্ঠানকে ২৯৭ কোটি টাকা ফেরত দিতে সরকারকে নির্দেশ
তত্ত্বাবধায়ক সরকারের আমলে ক্যাথেলি ডেটেড টি অ্যান্ড ল্যান্ড বাংলাদেশ লিমিটেড এবং এস আলম স্টিল লিমিটেডের কাছ থেকে ২৯৭ কোটি টাকা আদায় অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। আগামী তিন মাসের মধ্যে এ অর্থ ফেরত দিতে অর্থসচিব ও বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে।আজ মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ে বলা হয়, সরকারের কোনো কর্তৃপক্ষের সংবিধানবহির্ভূত কোনো ক্ষমতা নেই। সংবিধানের ৮১, ৮২ ও ৮৩ অনুচ্ছেদ অনুযায়ী কারও কাছে কোনো পাওনা থাকলে সরকার তা নিষ্পত্তি না করে অর্থ নিতে পারবে না।সংবিধানের ৫৮ অনুচ্ছেদ অনুযায়ী, তত্ত্বাবধায়ক সরকারের কাজ হলো দৈনন্দিন কাজ করা। ওই কাজের আওতায় আইনবহির্ভূতভাবে কারও কাছ থেকে অর্থ আদায় করা যায় না। দুটি কোম্পানির কাছ থেকে অর্থ আদায় অবৈধ ও ক্ষমতাবহির্ভূত ঘোষণা করা হলো।জানা যায়, ২০০৭ সাল থেকে ২০০৮ সালের মাঝামাঝি পর্যন্ত প্রতিষ্ঠান দুটির কাছ থেকে ৫৪টি পে-অর্ডারের মাধ্যমে ২৯৭ কোটি টাকা আদায় করা হয়। এর মধ্যে ক্যাথেলি ডেটেড টি অ্যান্ড ল্যান্ড বাংলাদেশ লিমিটেডের কাছ থেকে ২৩৭ কোটি টাকা এবং এস আলম স্টিল লিমিটেডের কাছ থেকে ৬০ কোটি আদায় করা হয়। এ টাকা ফিরে পেতে প্রতিষ্ঠান দুটি হাইকোর্টে রিট করে। এস আলমের পক্ষে করা রিটের পরিপ্রেক্ষিতে এ বছরের ১৩ এপ্রিল হাইকোর্ট রুল জারি করেন। অর্থ আদায় কেন বেআইনি ঘোষণা করা হবে না, হাইকোর্ট তা সরকারের কাছে তা জানতে চান।ক্যাথেলি ডেটেড টি অ্যান্ড ল্যান্ড বাংলাদেশ লিমিটেডের পক্ষেও একই ধরনের রিট করা হলে হাইকোর্ট রুল জারি করেন। দুই রুলের শুনানি শেষে আদালত তা মঞ্জুর করে আজ অর্থ ফেরত দেওয়ার রায় দেন।ক্যাথেলি ডেটেড টি অ্যান্ড ল্যান্ড বাংলাদেশ লিমিটেডের পক্ষের আইনজীবী আবদুল বাসেত মজুমদার বলেন, ‘১/১১-এর সরকারের একটি সংস্থার মাধ্যমে ওই অর্থ জব্দ করা হয়। গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পর ওই অর্থ ফেরত চেয়েছি। ফেরত না পেয়ে হাইকোর্ট রিট করা হয়েছে। পে-অর্ডারের মাধ্যমে ২৩৭ কোটি টাকা পরিশোধের রসিদ রয়েছে। বর্তমানে এ অর্থ বাংলাদেশ ব্যাংকের কোষাগারে।’সহকারী অ্যাটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, হাইকোর্ট ওই দুটি কোম্পানির কাছ থেকে নেওয়া অর্থ তিন মাসের মধ্যে ফেরত দিতে নির্দেশ দিয়েছেন।