দুই প্রতিষ্ঠানকে ২৯৭ কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারের আমলে ক্যাথেলি ডেটেট টি অ্যান্ড ল্যান্ড বাংলাদেশ লিমিটেড এবং এস আলম স্টিল লিমিটেডের কাছ থেকে ২৯৭ কোটি টাকা আদায় অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এর মধ্যে ক্যাথেলি ডেটেটের ২৩৭ কোটি টাকা এবং এস আলমের ৬০ কোটি টাকা। আগামী তিন মাসের মধ্যে এ অর্থ ফেরত দিতে সরকার ও বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। তবে এ রায়ের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক আপিল করবে বলে সংশ্লিষ্ট আইনজীবী জানিয়েছেন। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, সংবিধানের ৫৮ অনুচ্ছেদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের মূল কাজ হচ্ছে দৈনন্দিন কাজ করা। আইনবহির্ভূত উপায়ে কারও কাছ থেকে টাকা আদায় ওই কাজের আওতায় পড়ে না। তাই এ দুটি কোম্পানির কাছ থেকে টাকা আদায়ের বিষয়টি ক্ষমতাবহির্ভূত এবং অসাংবিধানিক। রায়ে বলা হয়, সরকারি কোনো কর্তৃপক্ষের সংবিধানবহির্ভূত কোনো ক্ষমতা নেই। সব ক্ষমতা সংবিধান অনুযায়ী প্রয়োগ করতে হবে। সংবিধানের ৮১, ৮২ ও ৮৩ অনুচ্ছেদ তুলে ধরে বলা হয়, সংবিধান অনুযায়ী কারও কাছে কোনো পাওনা না থাকলে সরকার কোনো টাকা আদায় করতে পারবে না। আর পাওনা থাকলে বিষয়টি নিষ্পত্তি না করে সরকার টাকা আদায় করতে পারবে না। এর আগে অর্থ ফেরত পেতে প্রতিষ্ঠান দুটি এপ্রিলে হাইকোর্টে রিট করে। এর পরিপ্রেক্ষিতে আদালত ১৩ এপ্রিল রুল জারি করেন। রুলের শুনানি শেষে গতকাল আদালত রায় দেন। আদালতে ক্যাথেলি ডেটেটের পক্ষে আবদুল বাসেত মজুমদার, সাঈদ আহমেদ এবং এস আলমের পক্ষে মাহমুদুল ইসলাম, এম এ হান্নান মামলা পরিচালনা করেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন এম আমীর-উল ইসলাম ও শামীম হায়দার পাটোয়ারী। সরকারপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীর। সব পক্ষের বক্তব্য: আবদুল বাসেত মজুমদার বলেন, পে-অর্ডারের মাধ্যমে ২৩৭ কোটি টাকা পরিশোধের রসিদ রয়েছে। বর্তমানে এ অর্থ বাংলাদেশ ব্যাংকের কোষাগারে। ভয়ভীতি দেখিয়ে গোয়েন্দা সংস্থা তাদের কাছ থেকে ওই টাকা আদায় করে। হাইকোর্ট টাকা আদায় অবৈধ ও সংবিধান পরিপন্থী ঘোষণা করেছেন। রায় অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংককে এই টাকা কোম্পানি দুটিকে ফেরত দিতে হবে। শামীম হায়দার পাটোয়ারী জানান, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। রিট আবেদনে জানা যায়, ২০০৭ থেকে ২০০৮ সালের মাঝামাঝি পর্যন্ত প্রতিষ্ঠান দুটির কাছ থেকে ৫৪টি পে-অর্ডারের মাধ্যমে ২৯৭ কোটি টাকা আদায় করা হয়।