দুই প্রধান প্রার্থীর বিরুদ্ধেই সন্ত্রাস লালনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রথম সারির প্রার্থীদের বিরুদ্ধে অতীতে অস্ত্রধারীদের পোষার অভিযোগ ছিল। এমনকি গত পাঁচ বছরে কয়েকবার প্রকাশ্যে তাঁদের সমর্থক ও বিরোধীদের মধ্যে অস্ত্রের মহড়ার ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গত ১০ দিনের ‘চিরুনি অভিযানে’ কোনো অস্ত্র উদ্ধার হয়নি। মাত্র পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ২০১০ সালের অক্টোবরে যুবদলের সম্মেলনকে কেন্দ্র করে সম্মিলিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী মনিরুল হক ও বিএনপির নেতা আমিন-উর-রশিদের অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। মনিরুল হকের সমর্থকেরা অন্তত ৫০টি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাদের মোকাবিলা করে আমিনের সমর্থকেরা। জাতীয় দৈনিকগুলোতে অস্ত্র মহড়ার সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। চলতি বছরের ২৬ থেকে ২৮ জুন—তিন দিনে একাধিকবার শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড় এলাকায় জেলা ছাত্রলীগের কমিটি নিয়ে স্থানীয় সাংসদ আ ক ম বাহাউদ্দিন ও হুইপ মুজিবুল হক-সমর্থিত দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এর আগে ২০১০ সালের ৩০ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আফজল খান ও হুইপ মুজিবুল হক-সমর্থিত ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অস্ত্র নিয়ে এক পক্ষ অপর পক্ষের ওপর হামলা করে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ৫০ জন আহত হয়। হুইপ মুজিব ও বাহাউদ্দিন—দুজনই এখন আফজল খানের পক্ষে মাঠে নেমেছেন। কুমিল্লার পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান গতকাল রোববার প্রথম আলোর কাছে দাবি করেন, অস্ত্রধারীরা প্রকাশ্যে কারও পক্ষে কাজ করছে না। এলাকায় থাকলে তাদের ধরা পড়তে হবে। তিনি দাবি করেন, যারা জামিন নিয়ে এলাকায় ফিরে এসেছিল, তারাও চিরুনি অভিযানের কারণে পালিয়েছে। ১১৩ জন তালিকাভুক্ত সন্ত্রাসীর মধ্যে পাঁচজন গ্রেপ্তার হয়েছে। তবে এখনো কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি বলে জানান তিনি।মনিরুল হক দাবি করেছেন, ‘আমি নিজে অস্ত্রবাজ নই। কারও সঙ্গে আমার ঝামেলা নেই। অস্ত্রের রাজনীতি আমি করি না।’বক্তব্য জানতে গতকাল রাতে যোগাযোগের চেষ্টা করা হলে আফজল খান ফোন ধরেননি। অবশ্য এর আগে একাধিকবার তিনি প্রথম আলোর কাছে দাবি করেছিলেন, তিনি বা তাঁর পরিবারের কেউ অস্ত্রবাজির সঙ্গে জড়িত নন। এগুলো অপপ্রচার। ৪ ডিসেম্বর একটি টেলিভিশন চ্যানেলের সংলাপে আফজল খান জানিয়েছিলেন, তাঁর নিজের কাছে লাইসেন্স করা তিনটি অস্ত্র আছে। তবে থানা সূত্র জানায়, আফজল খানের ছোট ছেলে আরমান খান কুমিল্লা জেলা পুলিশের ১৭ নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী। ২০০৮ সালে আফজল খানের বাসা থেকে ৫০০টি গুলি উদ্ধার করে যৌথ বাহিনী। ওই ঘটনায় আফজল খানের বড় ছেলে ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ পারভেজ খান ইমরানকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়। ওই মামলায় ইমরানের ২০ বছরের জেল হয়। পরবর্তী সময়ে ইমরান জামিনে মুক্তি পান। আফজল খানের নির্বাচনী প্রচারণায় ইমরানই বড় ভূমিকা রাখছেন। মাসুদ পারভেজ খান ইমরান গতকাল প্রথম আলোকে বলেন, ‘অস্ত্রবাজির অভিযোগ ভুয়া। এখন আমার বিরুদ্ধে কোনো মামলা নেই। বাকিটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে জেনে নিন।’গতকাল বিকেলে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র পদপ্রার্থী নূর-উর রহমান মাহমুদ নগরের কান্দিরপাড়ে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, ‘চিরুনি অভিযান শুরু হলেও পুলিশ কোনো অস্ত্রধারীকে গ্রেপ্তার করতে পারেনি। অস্ত্রধারীরা এখনো আফজল খানের পক্ষে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে। তারা আমার পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলছে।’ অস্ত্রধারী কারা জানতে চাইলে তিনি বলেন, ‘দু-এক দিনের মধ্যে অস্ত্রধারীদের নাম প্রকাশ করব।’ একই দলের আরেক বিদ্রোহী মেয়র পদপ্রার্থী আনিসুর রহমান বলেন, ‘অস্ত্রের ভান্ডার যাঁর কাছে তিনিই আওয়ামী লীগের সমর্থন পেলেন। তাঁর দুই ছেলের কাছেই অস্ত্র আছে। তাঁদের গ্রেপ্তারের ক্ষমতা পুলিশের নেই।’জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী এয়ার আহমেদ সেলিম বলেন, ‘কুমিল্লাবাসী অস্ত্রবাজ ও এক-এগারোর পলাতক ব্যক্তিদের প্রত্যাখ্যান করবে। আফজল খান ও মনিরুল হক দুজনই এক-এগারোর সময় কুমিল্লা থেকে পালিয়েছিলেন। তাঁদের অনুসারীদের কাছে প্রচুর অস্ত্র রয়েছে, যা বিভিন্ন সময় প্রমাণিত হয়েছে। সুষ্ঠু নির্বাচন চাইলে প্রশাসনকে এসব অস্ত্র উদ্ধার করতে হবে।’ জানতে চাইলে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কুমিল্লার সভাপতি নাজমুল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, আফজল খান ও মনিরুল হকের উত্থানের পেছনে সন্ত্রাস বড় নিয়ামক ছিল। বিভিন্ন সময় তাঁরা তাঁদের পক্ষ-বিপক্ষের অস্ত্রবাজি আর সন্ত্রাসের কারণে আলোচিত-সমালোচিত হয়েছেন। তাঁরাই এখন নতুন এই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী। কুমিল্লাবাসীর দুর্ভাগ্য, এই দুজনের একজনকেই মেয়র হিসেবে দেখতে হতে পারে তাদের। কুমিল্লা সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন বলেন, তাঁর কাছে কেউ অস্ত্রের বিষয়ে অভিযোগ দেয়নি। তার পরও তিনি এ বিষয়ে পুলিশ ও র‌্যাবের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।