দুই প্রধানমন্ত্রীর ভিত্তিপ্রস্তরেও বৈধতা পায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনারগাঁও হোটেলের পাশে বেগুনবাড়ি খালের ওপর ১৯৯৮ সালের ডিসেম্বরে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ১৫ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ২০০৬ সালের অক্টোবরে ভবনটি উদ্বোধন করেন চারদলীয় জোট সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গতকাল রোববার হাইকোর্ট এই ভবনকে অবৈধ ও বেআইনি ঘোষণা করে ৯০ দিনের মধ্যে তা ভেঙে ফেলার নির্দেশ দেন।হাইকোর্টের রায়ের বিষয়ে রাজউকের চেয়ারম্যান মো. নুরুল হুদা বলেন, ‘বিজিএমইএ ভবনসম্পর্কিত রায়ের লিখিত কপি হাতে পাওয়ার পর হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’যেভাবে শুরু: স্বাধীনতাযুদ্ধের আগে ঢাকা জেলা প্রশাসন বেগুনবাড়ি মৌজায় প্রায় ১০ একর জায়গা রেলওয়েকে উন্নয়নকাজের জন্য বরাদ্দ দেয়। শর্ত ছিল, সঠিক কাজে না লাগানো হলে অবমুক্ত করে ওই জমি খাসজমিতে রূপান্তর করা হবে। আশির দশকে রেলওয়ে সেই জায়গার ৬ দশমিক ১২ একর রপ্তানি উন্নয়ন ব্যুরোর কাছে বিক্রি করে দেয়। ব্যুরো তা নেয় ট্রেড সেন্টার করার জন্য। পরে ব্যুরো ওই জায়গা থেকে ৬৬ শতাংশ বা দুই বিঘা বিক্রি করে বিজিএমইএর কাছে। বাস্তবে জায়গা পাওয়া যায় ৪১ শতাংশ। কিন্তু বিজিএমইএ ভবন তৈরি করা হয় ৫৭ শতাংশ জায়গাজুড়ে। বিজিএমইএ ভবনের প্রবেশপথে পাশাপাশি দুটি ফলক চোখে পড়ে। একটিতে লেখা ‘বিজিএমইএ কমপ্লেক্স, ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, ১৪ অগ্রহায়ণ, ১৪০৫’। অন্য ফলকে লেখা আছে ‘শুভ উদ্বোধন করেন খালেদা জিয়া, মাননীয় প্রধানমন্ত্রী, ২৩ আশ্বিন, ১৪১৩’।প্রকল্প ব্যাহত কেন: বেগুনবাড়ি-হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন করছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষে রাজউক, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষে ঢাকা ওয়াসা ও সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর। মগবাজার-পরীবাগ-কারওয়ান বাজার-তেজগাঁওসহ রাজধানীর বিস্তীর্ণ এলাকার জলাবদ্ধতা দূর করতে এই প্রকল্প হাতে নেওয়া হয়। পাশাপাশি এ প্রকল্পের মাধ্যমে মালিবাগ, রামপুরা এলাকার যানজটও কমবে। সোনারগাঁও হোটেলের পেছন থেকে রামপুরা সেতু হয়ে প্রগতি সরণি পর্যন্ত ১১ কিলোমিটার সড়ক ও পয়োনালা নির্মিত হচ্ছে। বাস্তবায়নকারী কর্তৃপক্ষগুলো অনেক দিন থেকেই বলে আসছে, বিজিএমইএ ভবন এভাবে থাকলে জলাবদ্ধতার নিরসন হবে না।সমন্বিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষকসহ ১৫ সদস্যের সমীক্ষা কমিটি গঠিত হয়। কমিটি তাদের প্রতিবেদনে জানায়, এখানে বিজিএমইএ ভবন থাকলে প্রকল্পকাজে বড় ধরনের ব্যাঘাত ঘটবে।কী কী কারণে অবৈধ: তিনটি কারণে বিজিএমইএ ভবনকে অবৈধ বলেছে পূর্ত মন্ত্রণালয় ও রাজউক সূত্র। যেমন—জলাধার সংরক্ষণ আইন লঙ্ঘন করে ভবনটি নির্মাণ করা, ভবনের নকশা রাজউকে অনুমোদন না হওয়া এবং রাজধানীর বিশদ উন্নয়ন পরিকল্পনা (ড্যাপ) অনুযায়ী নিচু জমি ভরাট করে ভবন তৈরি নিষিদ্ধ হওয়া।গত তত্ত্বাবধায়ক সরকারের সময় উচ্ছেদ করা হয় অনুমোদন না থাকা বিজয় সরণির র‌্যাংগস ভবন। তখন বিজিএমইএ ভবনটি ভাঙার বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছিল। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তৎকালীন উপদেষ্টা আনোয়ারুল ইকবাল ২০০৭ সালের ফেব্রুয়ারিতে বেগুনবাড়ি খাল এলাকা পরিদর্শন করে ভবনটি ভাঙার বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়কে বলেছিলেন। সর্বশেষ ২০০৯ সালের ১৭ মার্চ রাজউক সেনাসদস্যদের সহায়তায় বিজিএমইএ ভবনের সামনের টিনশেড স্থাপনা ভেঙে দেয়। এরপর আর কিছু করা হয়নি। এখন হাইকোর্ট ৯০ দিনের মধ্যে ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দিলেন।প্রতিক্রিয়া: বিজিএমইএ ভবনের বিষয়ে হাইকোর্টের দেওয়া রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে স্থাপত্য ইনস্টিটিউটের সভাপতি মোবাশ্বের হোসেন প্রথম আলোকে বলেন, ‘এই রায়ের মাধ্যমে প্রমাণিত হলো, দেশে এখনো আইন আছে।’বেগুনবাড়ি-হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পস্থলের প্রধান সমীক্ষক বুয়েটের শিক্ষক মুজিবুর রহমান বলেন, অন্যায় করে পার পাওয়া যাবে না—এই রায়ের মধ্য দিয়ে এটি প্রতিষ্ঠিত হয়েছে। বিজিএমইএ নিজে থেকে ভবনটি না ভাঙলে রাজউকের উচিত যথাসময়ে আদালতের রায় কার্যকর করা।বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজের সঙ্গে গতকাল সন্ধ্যায় যোগাযোগ করা হলে তিনি বলেন, বিজিএমইএ গায়ের জোরে জায়গাটি দখল করেনি। সময়মতো ভবনের নকশা নেওয়া হয়নি সত্য, তবে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজউক সাড়ে ১২ লাখ টাকা জরিমানা করে বিজিএমইএকে জানিয়েছিল, টাকা জমা দিলে নকশা অনুমোদন করা হবে। টাকা জমা নিলেও রাজউক আর নকশা অনুমোদন করেনি। তিনি দাবি করেন, ভবনটি ভাঙলে দেশ-বিদেশে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।