দুই ফেরিপথে নাব্যতা সংকট চরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাওয়া-কাওরাকান্দি এবং দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিপথে নাব্যতাসংকট চরম রূপ নিয়েছে। তাই এ দুটি ফেরিপথে ধারণক্ষমতার কম যানবাহন নিয়েও প্রায় প্রতিদিনই একের পর এক ফেরি ডুবোচরে আটকে যাচ্ছে।পারাপারের অপেক্ষায় গতকাল সোমবারও এই দুটি ফেরিঘাটে ছিল যানবাহনের দীর্ঘ সারি। এর বেশির ভাগই ছিল পণ্যবাহী ট্রাক। কারণ, ট্রাককে ফেরি পারাপারের অনুমতি দেওয়া হচ্ছে না। এতে কোনো কোনো ট্রাকের চালক ও সহকারী তিন-চার দিন বা এর বেশি সময় ধরে ঘাটে আটকে আছেন।নদীতে ডুবোচর খননের কাজ নিয়ে হতাশা ব্যক্ত করেছেন ফেরি ও যানবাহনের চালকেরা। সুষ্ঠুভাবে চলাচলের উপযোগী নৌপথ তৈরি না করলে ফেরি চালানো বন্ধ রাখার হুমকি দিয়েছেন ফেরি মাস্টাররা।এদিকে ওই দুটি ফেরিপথে ফেরি চলাচল অব্যাহত রাখা ও নৌপথ সংরক্ষণের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য দুটি টাস্কফোর্স গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।মাওয়া-কাওরাকান্দি: এই ফেরিপথে বর্তমানে কেবল নাওডুবা-হাজরা-মাগুরখণ্ড সরু চ্যানেল দিয়ে ধারণক্ষমতার কমসংখ্যক যান নিয়ে কোনোরকমে ফেরি চলছে। পার করা হচ্ছে কেবল যাত্রীবাহী যান ও কাঁচামালবাহী ট্রাক। কিন্তু অন্যান্য পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় থাকছে তিন-চার দিন। গতকাল সন্ধ্যায়ও কাওরাকান্দি ও মাওয়া ঘাটে চার শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় ছিল।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাওরাকান্দি ঘাট সূত্রের ভাষ্যমতে, গত বছরের ১০ সেপ্টেম্বর মাওয়া-কাওরাকান্দি পথে পদ্মা নদীর পানির প্রবাহ ছিল ৬ দশমিক ১৬ মিটার। চলতি বছর একই সময়ে পানির প্রবাহ ৫ দশমিক ৩ মিটার। ফলে তীব্র নাব্যতাসংকট দেখা দিয়েছে। এতে ঈদের কয়েক দিন পর থেকে এই নৌপথের মাওয়া-মাগুরখণ্ড-হাজরা চ্যানেল পুরোপুরি বন্ধ হয়ে আছে। এ মাসের শুরুতে অন্তত পাঁচটি ফেরি বেশ কয়েকবার প্রায় আড়াই শ ঘণ্টা ডুবোচরে আটকে ছিল।সমস্যা আরও বাড়িয়েছে নদীতে অপ্রতুল নির্দেশক চিহ্ন ও সংকেত বাতি। পর্যাপ্ত নির্দেশক চিহ্ন না থাকায় ফেরি ডুবোচরে আটকে যাচ্ছে। ডুবোচর অপসারণে ৬ সেপ্টেম্বর থেকে দুটি খননযন্ত্র কাজ শুরু করেছে।কাওরাকান্দি ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা বাসের চালক ফারুক মিয়া, সিরাজসহ অনেকে বলেন, কর্তৃপক্ষের অবহেলার কারণে ঈদের আগে থেকে নদী পার হতে যে ভোগান্তিতে পড়তে হচ্ছে, তা ভাষায় প্রকাশ করা যায় না।রো রো ফেরি ভাষাশহীদ বরকতের দায়িত্বপ্রাপ্ত মনসুর উদ্দিন আহম্মেদ বলেন, এখন শুধু একটি চ্যানেল দিয়ে অসংখ্য ডুবোচরের ফাঁক দিয়ে কোনোমতে ফেরি চলছে। পুরোনো দুটি খননযন্ত্র দিয়ে যে গতিতে খনন হচ্ছে, তা অপ্রতুল। এভাবে ধীরগতিতে খনন চললে যেকোনো সময় ফেরি চলাচল বন্ধ হয়ে যাবে।একই কথা বলেন বিআইডব্লিউটিএর কাওরাকান্দি ও মাওয়া ঘাটের ব্যবস্থাপক বাতেন মিয়া।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার (বিআইডব্লিউটিসি) সহকারী মহাব্যবস্থাপক মো. আশিকুজ্জামান প্রথম আলোকে বলেন, উজান থেকে শুধু পানি কম পাওয়াই নয়, অতিরিক্ত পলি পড়ে ও পানিপ্রবাহ কমায় নাব্যতাসংকট দেখা দিয়েছে। এ হারে পানি কমতে থাকলে আসন্ন শুকনো মৌসুমে ভয়াবহ সংকট হবে।পাটুরিয়া-দৌলতদিয়া: রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ছোট-বড় ছয়টি যান নিয়ে ছোট ফেরি কুমারী পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর ডুবোচরে আটকা পড়ে। সারা রাতেও ফেরিটি উদ্ধার করা যায়নি। বিআইডব্লিউটিসির উদ্ধারকারী জাহাজ-৩৯৮ ও বিআইডব্লিউএর উদ্ধারকারী জাহাজ আশা যৌথভাবে চেষ্টা চালিয়ে গতকাল সকাল সোয়া ১০টার দিকে ফেরিটি উদ্ধার করে।দৌলতদিয়া ঘাটে গতকালও আট-নয় দিন আগের বেশ কিছু পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের কয়েক শ যান পারাপারের অপেক্ষায় ছিল। খুলনার একটি প্রতিষ্ঠানের বিদ্যুতের খুঁটিবোঝাই ১৫টি ট্রাক ময়মনসিংহে যাওয়ার উদ্দেশে ২ সেপ্টেম্বর গোয়ালন্দ মোড়ে পৌঁছায়। যানজট কমাতে পুলিশ ট্রাকগুলো সেখানে আটকে দেয়। ৪ সেপ্টেম্বর ওই ট্রাকগুলো দৌলতদিয়ায় পৌঁছালে পুলিশ টার্মিনালের ইয়ার্ডে ঢুকিয়ে দেয়। রোববার সকালে ট্রাকগুলো ফেরির জন্য সিরিয়াল পেলেও গতকাল রাতেও ঘাটে অপেক্ষায় ছিল।এসব ট্রাকের একটির চালক মো. জুবাইদ শেখ বলেন, দুই দিন ধরে তিনি আমাশয়ে ভুগছেন। এই বহরের আরেক ট্রাকের চালক জালাল শেখ খুব অসুস্থ হয়ে পড়লে রোববার সকালে তাঁকে বাড়ি পাঠানো হয়। চালক ইব্রাহিম, চালকের সহকারী বাবু মিয়াও অসুস্থ হয়ে পড়েছেন। ওষুধ কেনার টাকা না থাকায় গতকাল তাঁদের কিছু টাকা দেন দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মুফিজুল ইসলাম।বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) তানভির হোসেন বলেন, নদীর নাব্যতা কমে যাওয়ায় ফেরিগুলো ঠিকমতো যানবাহন নিতে পারছে না। এ কারণে অতিরিক্ত ভারবাহী ট্রাক আপাতত ফেরিতে ওঠানো হচ্ছে না। খনন শুরু হয়েছে। নাব্যতাসংকট কাটলে ভারী যানবাহন ফেরিতে উঠতে পারবে।দুটি খননযন্ত্রই দুপুরে বন্ধ থাকতে দেখা যায়। এ ব্যাপারে বিআইডব্লিউটিএর খনন বিভাগের কর্তব্যরত সহকারী প্রকৌশলী আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, রোববার রাত পৌনে আটটা থেকে খননযন্ত্র ডি-১৩৭ দিয়ে গতকাল সকাল পর্যন্ত প্রায় ২০০ ফুট দৈর্ঘ্য ও ১২০ ফুট চওড়া করে খনন করা হয়েছে। এ ছাড়া রোববার রাতেই অপর খননযন্ত্র ডি-১৩৬ বসানো হলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা চালু হয়নি। রাতে এটি চালু হয়।ফেরি চালানো আধা ঘণ্টা বন্ধ: গতকাল একটি জাতীয় দৈনিকে বিআইডব্লিউটিএর খনন বিভাগের কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, দৌলতদিয়া-পাটুরিয়া পথে ফেরি চালানোর ব্যাপারে ফেরির মাস্টাররা অদক্ষ। এ খবরে ক্ষুব্ধ ফেরির মাস্টারদের সঙ্গে গতকাল খনন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বাগিবতণ্ডা হয়। এর জের ধরে বেলা সাড়ে ১১টার দিকে ফেরি মাস্টাররা একযোগে ফেরি চালানো বন্ধ করে দেন। বিষয়টি বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের কাছে গেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং দুপুর ১২টার দিকে ফেরি চলাচল আবার শুরু হয়।ফেরি খানজাহান আলীর প্রধান মাস্টার শাহাবুদ্দিন মিয়া বলেন, ‘আমরা পাঁচ-ছয়টি করে যান নিয়ে অনেক ঝুঁকির মধ্যে ফেরি চালাচ্ছি। অথচ বিআইডব্লিউটিএর খনন বিভাগের লোকজন তিন বেলা শুধু পানি মেপে যাচ্ছেন।’দুটি টাস্কফোর্স গঠন: গতকাল নৌপরিবহন মন্ত্রণালয় এক আদেশে জানায়, সম্প্রতি পাটুরিয়া-দৌলতদিয়া ও মাওয়া-কাওরাকান্দি নৌপথে নাব্যতা হ্রাস ও ডুবোচরের কারণে ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় দুটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। তারা নৌ-চলাচলের জন্য নৌপথ খনন, সংরক্ষণ ও নির্দেশক চিহ্নের বিষয়ে পর্যবেক্ষণ করে ফেরিঘাট ও নৌ-চ্যানেলে পরিবর্তন/পরিবর্ধন বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেবে এবং মন্ত্রণালয়কে জানাবে। পাশাপাশি তারা বাস, ট্রাকসহ গাড়িগুলোকে সুশৃঙ্খল পারাপারে নির্দেশনা দেবে এবং প্রতিদিন ফেরিঘাটের অবস্থা সম্পর্কে মন্ত্রণালয়ে প্রতিবেদন দেবে।টাস্কফোর্স দুটির আহ্বায়ক হলেন পাটুরিয়া-দৌলতদিয়া পথে বিআইডব্লিউটিএর সদস্য (প্রকৌশল) ফিরোজ আহম্মেদ এবং মাওয়া-কাওরাকান্দি পথে বিআইডব্লিউটিসির পরিচালক (প্রশাসন) জ্ঞানরঞ্জন শীল। দুটি টাস্কফোর্সে ছয়জন করে সদস্য মনোনীত করা হয়েছে। নৌপথের স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত উভয় কমিটির সদস্যরা নিজ নিজ ঘাটে অবস্থান করবেন।