দুই বউয়ের ঝগড়ার জেরে ভাইয়ের হাতে ভাই খুন
আম কুড়ানোকে কেন্দ্র করে দুই বউয়ের মধ্যে ঝগড়ার জের ধরে এক ভাই খুন করেছে আরেক ভাইকে। মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম গিয়াস উদ্দিন (৪৯)। নিহতের বাবা চাঁদ আলী জানান, আজ সকালে তাঁর দুই ছেলের বউ বাড়ির পাশের আমবাগানে আম ও আমের পাতা কুড়াচ্ছিলেন। এ সময় আম কুড়ানোকে কেন্দ্র করে দুই বউয়ের মধ্যে ঝগড়া বাধে। বউদের ঝগড়া শুনে তাঁর বড় ছেলে গিয়াস উদ্দিন ও ছোট ছেলে সহিতুল্লাহ (৪০) ছুটে আসে। এ সময় তাঁরাও জড়িয়ে পড়ে বউদের ঝগড়ায়। একপর্যায়ে ছোট ছেলে সহিতুল্লাহ ছুটে গিয়ে বাড়ি থেকে বড় হাসুয়া এনে বড় ছেলে গিয়াসউদ্দিনকে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে।গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগীর মিয়া জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ নিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করেছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা করা হয়নি। ঘটনার পর থেকে সহিতুল্লাহ পলাতক রয়েছে।