দুই বছর পর আজ গান করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ ‘ক্লোজআপ কল-এর গান’ অনুষ্ঠানে গান করবেন আসিফ আকবর। টিভির অনুষ্ঠানে তিনি গান করছেন দুই বছর পর। কথা হলো শিল্পীর সঙ্গে।আপনি আগেই ঘোষণা দিয়েছিলেন, কোনো মাধ্যমেই আর গান করবেন না। হঠাৎ সিদ্ধান্তটা পাল্টালেন কেন?গত দুই বছরে শ্রোতাদের কাছ থেকে অসংখ্য চিঠি আর মুঠোফোনে খুদেবার্তা পেয়েছি। প্রায় প্রতিদিনই দেখা হলে কেউ না কেউ আবার গান করার জন্য অনুরোধ করেন। সব মিলিয়ে আমি অভিভূত। দেখলাম, সবাইকে আমি বঞ্চিত করছি। সবার ভালোবাসাকে সম্মান জানাতেই শুক্রবার দেশ টিভিতে লাইভ অনুষ্ঠানে গান করব। শ্রোতারা অনেক দিন আমার গান শোনার জন্য অপেক্ষা করে ছিলেন। তাঁদের আশা পূরণ করার চেষ্টা করব।অনুষ্ঠানে কোন গানগুলো করবেন?১০ বছর তো রেসের ঘোড়ার মতো ছুটে বেড়িয়েছি। মঞ্চে দর্শক-শ্রোতারা যেসব গান পছন্দ করতেন, সেসব গানই বেশি করেছি। ক্লোজআপ কল-এর গানে কিন্তু মেলোডিয়াস গান করব, যে গানগুলো জনপ্রিয় হয়েছে ঠিকই, কিন্তু কখনো কোথাও গাওয়া হয়নি। আর ১৯৯৫ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ফিকেল বয়েজ নামে আমাদের একটি ব্যান্ড ছিল। ওখানে তখন অনেক শিল্পীর গানই করতাম। সেখান থেকেও আমার খুব পছন্দের কিছু গান করব। প্রায় তিন ঘণ্টা, অনেক সময়। সব মিলিয়ে অনেকগুলো গান শোনানোর প্রস্তুতি নিচ্ছি। চলচ্চিত্রে আবার গান করার ব্যাপারে কিছু ভেবেছেন?সব মাধ্যমে আমার গান না করার পেছনে অনেক কারণ আছে। সেই সব ক্ষোভ দূর হওয়ার মতো কোনো ঘটনা কিন্তু ঘটেনি। এবার শাকিব খান চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর কাছে আমি আবেদন করব, যেসব শিল্পী চলচ্চিত্রে গান করছেন, তাঁদের যেন চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য করে নেওয়া হয়। তাঁদের কাজের ভালো-মন্দ, সুবিধা-অসুবিধা যেন এই সংগঠন থেকে দেখা হয়। এ ছাড়া, যদি সব ক্ষেত্রে যথাযথ নিয়ম-কানুন তৈরি হয়, তবেই আবার নিয়মিত গান করব।এখন কীভাবে সময় কাটান?আমার দুই ছেলে খুলনায় পড়াশোনা করছে। বাসায় আমি আর স্ত্রী। বসুধা-আর্ব নামে একটি অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গড়েছিলাম। ওটা বন্ধ হয়ে যাচ্ছে। এখন অন্য ব্যবসার পরিকল্পনা করছি।