দুই বছর পর এসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছরেরও বেশি সময় পর আজ রোববার এসিড নিয়ন্ত্রণ কাউন্সিলের বৈঠক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সর্বশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয় ২০১০ সালের ২২ এপ্রিল। ২০০৪ সালে এই কাউন্সিল গঠন করা হয়।বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব শেফিনা বেগম প্রথম আলো ডটকমকে জানান, বৈঠকে বিভাগীয় পর্যায়ে সরকারি হাসপাতালে বার্ন ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি প্রতি তিন মাস পর এই বৈঠক করারও সিদ্ধান্ত হয়। গত মে মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয়, দীর্ঘসূত্রতা ও সময়ক্ষেপণের কারণে এসিড মামলার অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে এসিড নিক্ষেপকারীদের বিচারের আওতায় আনার লক্ষ্যে এই অপরাধের মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ১৪ মে এসিড অপরাধ মামলা তদারক কমিটির ষষ্ঠ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।এরই ধারাবাহিকতায় এসিড-সংক্রান্ত অপরাধের মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠাতে আইনসচিবকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ছাড়া এসিডের ভয়াবহতা গণমাধ্যমে তুলে ধরতে তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হয়েছে।দ্রুত বিচার ট্রাইব্যুনালের নিয়ম অনুযায়ী, ওই ট্রাইব্যুনালে এসিড মামলা স্থানান্তরিত হলে স্থানান্তরের তারিখ থেকে ৯০ কার্যদিবসের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে। কোনো কারণে নিষ্পত্তি না হলে কারণ জানিয়ে অতিরিক্ত ৩০ কার্যদিবসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে হবে এবং এ বিষয়ে সুপ্রিম কোর্টকে লিখিতভাবে জানাতে হবে।এর পরও যুক্তিসংগত কোনো কারণে মামলার নিষ্পত্তি সম্ভব না হলে ট্রাইব্যুনাল কারণ লিপিবদ্ধ করে সর্বশেষ আরও ১৫ দিন সময় পাবেন। এর পরও মামলা নিষ্পত্তি না করলে মামলা যে আদালত থেকে স্থানান্তর করা হয়েছিল, সেখানে ফেরত পাঠানো হবে।